
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে নজিরবিহীন ওয়াকআউটের ঘটনা ঘটেছে। ভাষণের সময় অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়া দেশ ও প্রতিনিধিদলগুলোর তালিকা তৈরি করছেন এক ইসরায়েলি কূটনীতিক।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, নেতানিয়াহু পোডিয়ামে ওঠার পরপরই বিশ্বনেতা ও কূটনৈতিক প্রতিনিধিদের একটি বড় অংশ একের পর এক হল ত্যাগ করতে থাকেন। এ সময় এক ইসরায়েলি কূটনীতিককে হলের সারির মাঝখান দিয়ে হেঁটে বেরিয়ে যাওয়া প্রতিনিধিদের খাতা-কলমে নোট নিতে দেখা যায়।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব এমিরেটস-এর প্রতিবেদনে বলা হয়, ওই কূটনীতিকের তালিকা তৈরির দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ট্রোলের শিকার হয়। একজন আন্তর্জাতিক পর্যবেক্ষক মন্তব্য করেন, “নেতানিয়াহুর ভাষণ বর্জনকারী দেশের তালিকা করতে হলে ইসরায়েলিদের সাথে বাড়তি কাগজ রাখা উচিত, কারণ এ তালিকা দিন দিন দীর্ঘই হচ্ছে।”
গ্যালারিতে দুয়োধ্বনি ও তোপ
নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই অধিবেশনে উপস্থিত অনেক প্রতিনিধি ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং দুয়োধ্বনি তোলেন। এর জবাবে গ্যালারিতে থাকা হাতে গোনা কিছু ইসরায়েলি ও মার্কিন প্রতিনিধি করতালি দেন।
বিক্ষুব্ধ বের হয়ে যাওয়া আন্তর্জাতিক প্রতিনিধিদের তীব্র সমালোচনা করে নেতানিয়াহু তাঁর ভাষণে বলেন, “যারা প্রতিবাদ জানিয়ে বেরিয়ে গেলেন, তারা নৈতিকভাবে কাপুরুষ।”
কতটি দেশ বর্জন করল?
সাধারণ পরিষদ হলে ঠিক কতটি দেশের আসন খালি ছিল, তা নিয়ে প্রতিবেদনভেদে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, প্রায় ৭৭টি দেশ সরাসরি এই ভাষণ বর্জন করেছে। তবে অন্যান্য বিশ্লেষকরা বলছেন, অধিবেশনের শুরু থেকেই বেশ কয়েকটি আসন শূন্য ছিল, ফলে শুধু আসন খালি থাকা দেখে বর্জনের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, কলম্বিয়া, আজারবাইজান, গ্রিস এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল-এর তথ্যমতে, আরব দেশগুলোর মধ্যে কেবল আমিরাতের প্রতিনিধি দলই শেষ পর্যন্ত হলে উপস্থিত ছিল।
ঘটনার বিষয়ে জাতিসংঘ কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বর্জনকারী দেশগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: স্বাধীন চৌধুরী
©২০২৬ নিউজ রেজিস্টার বাংলা