
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না পেলেও পরবর্তীতে যাচাই-বাছাই সাপেক্ষে পর্যায়ক্রমে তা প্রার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগপত্র পাওয়া নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
প্রার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবরের মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলেও হতাশ হওয়ার কারণ নেই। বিষয়টি পরবর্তীতে নিয়ম অনুযায়ী যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে সব বৈধ প্রার্থীর কাছে নিয়োগপত্র পাঠানো হবে।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, যেকোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে প্রাক-নিয়োগ পুলিশ ভেরিফিকেশন ও প্রশাসনিক ভেটিং একটি নিয়মিত ও স্বাভাবিক আইনি প্রক্রিয়া।
প্রধান সম্পাদক ও প্রকাশক: স্বাধীন চৌধুরী
©২০২৬ নিউজ রেজিস্টার বাংলা