বাংলা শিশুসাত্যের ইতিহাসে কিছু নাম শুধু বইয়ের পাতায় নয়—তারা প্রজন্মের শৈশবের এক অনিবার্য অংশ। আখতার হুসেন তেমনই একজন। ছড়া, কবিতা, গল্প, নাটক, গান, জীবনী, অনুবাদ, সম্পাদনা—সাহিত্যনানা শাখায় তাঁর বিচরণ। একই সাথে তিনি ছিলেন সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, নাট্যকর্মী, গীতিকার এবং মুক্তিযুদ্ধের কলমযোদ্ধা।
তাঁর সৃষ্টির পরিসরকে শুধু ‘শিশুসাহিত্য’ দিয়ে চিহ্নিত করলে তাঁর কর্মজীবনের একটি বড় অংশ আড়ালে থেকে যায়। কারণ শিশুর জন্য লিখলেও তাঁর সাহিত্যবোধের কেন্দ্রে ছিল মানুষ, সমাজ, মানবিকতা, দেশ ও মুক্তির আকাঙ্ক্ষা। আর সে কারণেই তাঁর লেখা যেমন শিশুর মুখে হাসি ফুটিয়েছে, তেমনি তাঁর গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত হয়েছে সামাজিক ও রাজনৈতিক চেতনার আন্দোলনের সঙ্গে।
২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা শারীরিক জটিলতায় তিনি চিকিৎসাধীন ছিলেন। ছয় দশকের বেশি সময় ধরে শিশু-কিশোরদের জন্য লিখে গেছেন তিনি; তাঁর মৌলিক রচনা, জীবনী, অনুবাদ ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় শতাধিক।
জন্ম ও শৈশবের বিস্তৃত ভূগোল
আখতার হুসেনের জন্ম ১৯৪৫ সালের ১ নভেম্বর। তাঁর জন্ম পিতার কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জের আমনুরায়; তাঁর পৈতৃক নিবাস নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। তাঁর বাবা টি আই এম সিকান্দার রেলওয়েতে চাকরি করতেন। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় তাঁর শৈশব ও কৈশোর কেটেছে।
এই বিচিত্র ভৌগোলিক অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক মানস গঠনে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহর ও মফস্বল, প্রকৃতি ও জনজীবন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচয় তাঁর লেখায় এক ধরনের সহজ জীবনঘনিষ্ঠতা তৈরি করেছে।
ছোটবেলা থেকে তাঁর মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আকর্ষণ তৈরি হয়। ষাটের দশকে তিনি ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পরবর্তী জীবনে এই সাংগঠনিক অভিজ্ঞতাই তাঁর সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করে।
সাংবাদিকতা দিয়ে কর্মজীবনের শুরু
আখতার হুসেনের জীবন ছিল শুধু লেখকের জীবন নয়; সাংবাদিকতার সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক ছিল। সংবাদপত্রে কাজের মধ্য দিয়ে তিনি সমাজ ও মানুষের জীবনকে কাছ থেকে দেখেছেন।
সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা তাঁর সাহিত্যকে দিয়েছে জীবনঘনিষ্ঠতা। অন্যদিকে সাহিত্যিক সংবেদনশীলতা তাঁর সাংবাদিকতাকে করেছে মানুষ ও সমাজের প্রতি অধিক মনোযোগী।
জীবনের পরিণত পর্বে তিনি প্রথমা প্রকাশনে পাণ্ডুলিপি সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে অসংখ্য লেখকের লেখা সম্পাদনা ও পরিমার্জনের কাজ করেছেন। প্রথম আলো'য় প্রকাশিত স্মৃতিচারণে তাঁকে দীর্ঘদিনের সহকর্মী ও অত্যন্ত সরল-স্বভাবের মানুষ হিসেবে স্মরণ করা হয়েছে।
একসময় তিনি সোভিয়েত সাংস্কৃতিক কেন্দ্রেও কাজ করেছেন। জীবনের এক পর্যায়ে কাজের সন্ধানে জার্মানিতেও গিয়েছিলেন। সেখানে কঠোর শ্রমের পাশাপাশি জার্মান ভাষায় তাঁর বই প্রকাশিত হয়। অর্থাৎ তাঁর জীবন ছিল একই সঙ্গে দেশীয় সাংস্কৃতিক আন্দোলন, সাংবাদিকতা, সাহিত্য, প্রকাশনা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার এক বিস্তৃত যাত্রা।
শিশুসাহিত্যে তাঁর প্রবেশ
আখতার হুসেনের বিশেষ পরিচিতি—তিনি শিশুসাহিত্যিক।
ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি শিশু-কিশোরদের জন্য লিখেছেন। তাঁর লেখায় ছড়া যেমন আছে, তেমনি আছে গল্প, কবিতা, নাটক, জীবনী ও অনুবাদ।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—
‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘হালচাল’, ‘আমার দুটো ডানা’, ‘ও হাওয়া ও হাওয়া’, ‘পাজি বেড়ালের শাস্তি’, ‘ফ্রিডম ফাইটার’, ‘কর্ণকুসুম ও কালোপাখার প্রজাপতি’, ‘খেলাঘরের পুতুলগুলো’, ‘ছোটদের চারণকবি মুকুন্দদাস’ প্রভৃতি।
তাঁর জনপ্রিয় ছড়াগুলোর মধ্যে ‘হ্যারে খবরটা কী উড়ো, শুনতে পেলাম নিখিলপুরের চার চারটে বুড়ো’ বিশেষভাবে স্মরণীয়। তাঁর অনেক লেখা পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে।
তাঁর শিশুসাহিত্যের বড় বৈশিষ্ট্য ছিল—শিশুকে তিনি কখনো ছোট পাঠক হিসেবে দেখেননি। শিশুর নিজস্ব কল্পনা, ভাষা ও আনন্দের জগৎকে তিনি গুরুত্ব দিয়েছেন। ফলে তাঁর ছড়া শিশুদের কাছে হয়ে উঠেছে স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত ও সহজে স্মরণযোগ্য।
‘ছড়া-দাদু’ হয়ে ওঠার গল্প
আখতার হুসেনের সঙ্গে পাঠকের সম্পর্ক ছিল কেবল লেখক-পাঠকের সম্পর্ক নয়। বহু শিশুর কাছে তিনি হয়ে উঠেছিলেন আপনজনের মতো।
তাঁর ছড়ায় শব্দের খেলায় যেমন আনন্দ আছে, তেমনি আছে কৌতূহল ও জীবনকে দেখার সহজ চোখ। কোনো কোনো ছড়ায় হাস্যরস, কোথাও বিস্ময়, কোথাও নৈতিক বোধ—কিন্তু তা কখনো ভারী উপদেশে পরিণত হয়নি।
এ কারণেই তাঁর ছড়া প্রজন্ম পেরিয়ে টিকে থাকার মতো পাঠ-অভিজ্ঞতা তৈরি করেছে।
সাম্প্রতিক এক স্মৃতিচারণে তাঁকে ‘আমাদের ছড়া-দাদু’ হিসেবে অভিহিত করা হয়েছে; সেখানে তাঁর লেখা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের জগৎকে সুন্দর ও সাহসী করে তোলার কথা বলা হয়েছে।
উপদেশমূলক কবিতায় আলাদা স্বর
আখতার হুসেনের সাহিত্যিক পরিচয়ের তুলনামূলক কম আলোচিত দিকটি হলো উপদেশমূলক কবিতা।
আধুনিক বাংলা কবিতায় ছন্দ ও মিলের প্রচলিত কাঠামো শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে উপদেশমূলক কবিতার চর্চাও কমে আসে। এই জায়গায় আখতার হুসেন বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি যেমন এই ধারার কবিতা সংকলনও সম্পাদনা করেছেন, তেমনি নিজেও লিখেছেন সর্বজনীন জীবনবোধ ও নৈতিকতার কবিতা।
তাঁর ‘সারাদিন আমি যেন ভালো হয়ে চলি’ গ্রন্থটি এই প্রবণতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।
এখানে তাঁর সাহিত্যিক উদ্দেশ্য ছিল শিশুকে শুধু আনন্দ দেওয়া নয়—আনন্দের মধ্য দিয়ে মানুষ হয়ে ওঠার শিক্ষা দেওয়া।
শিশু-বিশ্বকোষে অসামান্য অবদান
আখতার হুসেনের জ্ঞানভিত্তিক লেখালেখির অন্যতম বড় নিদর্শন বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত পাঁচ খণ্ডের ‘শিশু-বিশ্বকোষ’। এই বিশ্বকোষে সর্বাধিক সংখ্যক ভুক্তি লেখার কৃতিত্ব তাঁর।
একজন ছড়াকার ও শিশুসাহিত্যিকের জন্য এটি এক বিশাল জ্ঞানভিত্তিক কাজ। কারণ বিশ্বকোষের লেখা মানে কেবল সুন্দর ভাষা নয়—প্রয়োজন তথ্যের যথার্থতা, বিষয় সম্পর্কে জ্ঞান, সংক্ষিপ্ত ও সুস্পষ্ট ব্যাখ্যা এবং শিশু-কিশোরের উপযোগী উপস্থাপন। এ কাজ তাঁর লেখকসত্তার আরেকটি দিক সামনে আনে—তিনি ছিলেন একই সঙ্গে কল্পনাশ্রয়ী সাহিত্যিক এবং তথ্যনিষ্ঠ জ্ঞানলেখক।
গানেও তাঁর স্বতন্ত্র পরিচয়
আখতার হুসেন অন্যান্য লেখকসত্তার পাশাপাশি একজন গীতিকারও।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সংগীত ‘আমরা তো ঐক্যের দৃঢ় বলে বলীয়ান, শোষণের কারাগার ভাঙবই’ তাঁর লেখা একটি জনপ্রিয় সংগীত। অন্যদিকে, শিশু সংগঠন খেলাঘরের সংগীত ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’-ও তাঁর লেখা।
এই দুটি গান তাঁর সাংস্কৃতিক দর্শনের দুটি দিককে পাশাপাশি দাঁড় করায়—একদিকে সামাজিক মুক্তি ও ঐক্যের আকাঙ্ক্ষা, অন্যদিকে শিশু-কিশোরদের শান্তি ও মানবিকতার শিক্ষা।
উদীচী'তে সংগঠক ও নাট্যকর্মী হিসেবে সৃজনশীলতা
বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসে আখতার হুসেনের নাম বিশেষভাবে জড়িয়ে আছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে।
তিনি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। উদীচীর প্রথম দিকের বহু নাটক তিনি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন। স্বাধীনতার পর তিনি সংগঠনটির কেন্দ্রীয় নাট্য সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
তাঁর উল্লেখযোগ্য পথনাটকের মধ্যে ‘আলো আসছে’, ‘আসাদের শার্ট’, ‘শপথ নিলাম’ ও ‘সামনে লড়াই’-এর নাম পাওয়া যায়।
নাটক তাঁর কাছে শুধু বিনোদনের মাধ্যম ছিল না। ছিল সমাজ বদলের হাতিয়ার। সাংস্কৃতিক আন্দোলনের ভাষা হিসেবে নাটককে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি সক্রিয় ছিলেন।
খেলাঘরঃ শিশুর সাংস্কৃতিক বিকাশের সংগঠক
খেলাঘরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল দীর্ঘ ও গভীর।
শিশু-কিশোরদের সংগঠন হিসেবে খেলাঘর যে সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের চর্চা করেছে, আখতার হুসেন ছিলেন তার অন্যতম সংগঠক। তাঁর কাছে শিশুসাহিত্য ও শিশু-সংগঠন ছিল পরস্পর সম্পর্কিত।
শিশুর জন্য লেখা এবং শিশুকে নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড—এ দুই ক্ষেত্রকে তিনি আলাদা করেননি।
তাঁর ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ গানটি খেলাঘরের সঙ্গে তাঁর সম্পর্কের একটি স্মরণীয় নিদর্শন হয়ে আছে।
মুক্তিযুদ্ধঃ কলম যখন অস্ত্র হয়ে ওঠে
আখতার হুসেনের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ।
মুক্তিযুদ্ধের সময় তাঁর কলম প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা’ গানটি মুক্তিযুদ্ধের সময় মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছিল। গানটির সুর করেন অজিত রায় এবং কণ্ঠ দেন শিল্পী তিমির নন্দী।
এই গান শুধু একটি গান নয়; তা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার আকাঙ্ক্ষা, প্রতিরোধ ও বিজয়ের প্রত্যাশাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সাংস্কৃতিক মাধ্যম ছিলো।
‘স্বাধীন স্বাধীন'ঃ বিজয়ের দিনের গান
আখতার হুসেনের মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট সৃষ্টির মধ্যে ‘স্বাধীন স্বাধীন’ গানটির কথাও বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তিনি ‘স্বাধীন স্বাধীন’ নামে গানটি লেখেন। পরে গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় এবং স্বাধীনতার পর বিটিভিতে প্রচারিত প্রথম স্বাধীনতার গান হিসেবে পরিচিতি পায়।
একজন গীতিকারের জীবনে এর চেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত খুব কমই হতে পারে—যে স্বাধীনতার জন্য একটি জাতি নয় মাস যুদ্ধ করেছে, বিজয়ের দিন সেই স্বাধীনতাকেই তাঁর কলম গান হয়ে উচ্চারণ করেছে।
সাহিত্য, রাজনীতি ও সংস্কৃতির মিলনবিন্দু
আখতার হুসেনের জীবনকে কোন একটি পরিচয়ে আবদ্ধ করা কঠিন। তিনি ছিলেন—শিশুসাহিত্যিক, ছড়াকার, কবি, গল্পকার, নাট্যকার, গীতিকার, সাংবাদিক, সম্পাদক, অনুবাদক, সাংস্কৃতিক সংগঠক এবং মুক্তিযুদ্ধের কলমযোদ্ধা। এই বহুমাত্রিক পরিচয় তাঁর জীবনের একেকটি মৌলিক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল।
তাঁর সাহিত্য শিশুকে আনন্দ দিয়েছে; তাঁর গান মানুষকে সংগঠিত করেছে; তাঁর নাটক সামাজিক চেতনার কথা বলেছে; তাঁর সাংবাদিকতা তাঁকে বাস্তবতার কাছাকাছি রেখেছে; আর তাঁর সম্পাদিত গ্রন্থ বৃহত্তর লেখক ও পাঠকসমাজের সঙ্গে যুক্ত রেখেছে।
অনুবাদ ও সম্পাদনা
মৌলিক সাহিত্যচর্চার পাশাপাশি আখতার হুসেনের সম্পাদনা ও অনুবাদ ছিল অত্যন্ত বিস্তৃত।
দুই বাংলার কবিতা, মুক্তিযুদ্ধের কবিতা, সাম্প্রদায়িকতাবিরোধী গল্প, দেশপ্রেমের গান, কিশোর কবিতা ও শিশুদের উপযোগী বিভিন্ন সাহিত্য সংকলন সম্পাদনা করেছেন তিনি।
তাঁর কাজের মধ্যে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখকদের রচনা শিশু-কিশোরদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি সচেতন প্রয়াস।
ও. হেনরি, মোপাসাঁ, ম্যাক্সিম গোর্কি ও মার্ক টোয়েনের মতো আন্তর্জাতিক লেখকদের গল্প নিয়ে অনুবাদ ও সম্পাদনার কাজ তাঁর সাহিত্যকর্মের উল্লেখযোগ্য অংশ। ফলে তাঁর সাহিত্যজগৎ একই সঙ্গে দেশীয় ও বিশ্বসাহিত্যের সঙ্গে সংযুক্ত ছিল।
জীবনী সাহিত্যে আগ্রহ
শিশু-কিশোরদের সামনে আদর্শ ও অনুপ্রেরণার মানুষদের জীবন তুলে ধরার ক্ষেত্রেও তাঁর আগ্রহ ছিল।
ভাষাশহীদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ইতিহাসের গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে তিনি লিখেছেন। ছোটদের জন্য চারণকবি মুকুন্দদাস-এর জীবন নিয়ে তাঁর বই বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর এই জীবনীধর্মী লেখাগুলো ছিল ইতিহাসকে শিশু-কিশোরের পাঠ-উপযোগী ভাষায় রচনা করার প্রয়াস।
পুরস্কার ও স্বীকৃতি
দীর্ঘ সাহিত্য ও সাংস্কৃতিক জীবনে আখতার হুসেন পেয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা।
এর মধ্যে—বাংলা একাডেমি পুরস্কার,
অগ্রণী ব্যাংক–শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক, মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক, মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, বজলুর রহমান স্মৃতিপদক এবং তিনি ছিলেন বাংলা একাডেমির ফেলো।
২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিল ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, মুক্তিযুদ্ধ জাদুঘর, উদীচী, কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন। এই উপস্থিতি একজন সাহিত্যিকের শেষ বিদায়ে আনত শ্রদ্ধায় এক পরম আনুষ্ঠানিকতা; তাঁর দীর্ঘ জীবনের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে যুক্ত মানুষের এ এক প্রতীকী সমাবেশ।
শেষ শ্রদ্ধায় জাতীয় সংগীত ও ছাত্র ইউনিয়নের সংগঠন সংগীত পরিবেশিত হয় এবং রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর সিরাজগঞ্জে স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মানুষ আখতার হুসেন
তাঁর সাহিত্যিক পরিচয়ের বাইরে মানুষ আখতার হুসেন সম্পর্কে সহকর্মী ও অনুজদের স্মৃতিতে এক সরল, অকৃত্রিম মানুষের ছবি। তিনি ছিলেন সহজ মানুষ, সরলতায় পরিপূর্ণ। সহকর্মী, বন্ধু, আপনজনের কাছে তিনি সতত ছিলেন আন্তরিক মানুষের উদাহরণ।
এই সারল্য তাঁর লেখাতেও ছায়া ফেলেছিল। তাঁর ভাষা ছিল অনাড়ম্বর; শিশুর কাছে পৌঁছতে গিয়ে তিনি ভাষাকে কৃত্রিম করেননি। ফলে তাঁর লেখার মধ্যে এক ধরনের স্বাভাবিক কথনভঙ্গি তৈরি হয়েছিল—যেখানে সাহিত্যিের মাধুর্য আছে, কিন্তু সাহিত্যিক অহংকার নেই।
তাঁর উত্তরাধিকার
আখতার হুসেনের বড় উত্তরাধিকার হয়তো তাঁর বইয়ের সংখ্যা নয়, পুরস্কারের তালিকাও নয়।
তাঁর প্রকৃত উত্তরাধিকার ছড়িয়ে আছে বহু শিশুর শৈশবে, বহু সাংস্কৃতিক কর্মীর স্মৃতিতে, বহু গানের সুরে, নাটকের সংলাপে, মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ইতিহাসে এবং বাংলা শিশুসাহিত্যের পাঠভুবনে।
একজন লেখক যখন শিশুদের জন্য লিখতে লিখতে তাদের পৃথিবীকে মানবিক, কৌতূহলী এবং সাহসী করে তোলেন, তখন তাঁর সাহিত্য বইয়ের মলাটের বাইরে জীবনের অংশ হয়ে যায়।
আখতার হুসেনের ক্ষেত্রে তা-ই ঘটেছে।
তিনি শিশুর জন্য লিখেছেন, কিন্তু তাঁর সাহিত্য কেবল শিশুর ছিল না। তিনি সংগঠনের জন্য উদ্দেশ্য করে যে গান লিখেছেন, সেই গান হয়ে উঠে সকলের গান। তিনি মুক্তিযুদ্ধের কথা লিখেছেন, কিন্তু সেই চেতনা প্রজন্মের পরম্পরা হয়ে গেছে।
তিনি সাংস্কৃতিক আন্দোলনে ছিলেন, কিন্তু তাঁর সাংস্কৃতিক বোধ সকলের করে তুলেছেন।
তাঁর জীবন যেন এক দীর্ঘ সেতু—এক প্রান্তে শিশুর বিস্ময়, অন্য প্রান্তে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা।
শেষ কথাঃ এ জীবন তবুও ফুরিয়ে যাবার নয়
আখতার হুসেনের শারীরিক উপস্থিতির অবসান হয়েছে, কিন্তু তাঁর সৃষ্টির সুগন্ধ ছুঁয়েছে মানব হৃদয়, যা বিচ্ছুরিত আলোর উজ্জ্বল প্রভা।
একটি শিশুর মুখে তাঁর ছড়া উচ্চারিত হলে তিনি আমাদের মধ্যে থাকবেন। তাঁর গান গাওয়া হলে তিনি বেঁচে থাকবেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের কোনো অধ্যায়ে তিনি থেকে যাবেন।
একজন নতুন পাঠক তাঁর বই খুললে তিনি আবার জন্ম নেবেন সেইসব শব্দমালার ভেতর।
তিনি ছিলেন এমন এক সময়ের মানুষ, যখন সাহিত্য ছিল জীবনের সঙ্গে যুক্ত, গান ছিল মানুষের সঙ্গে যুক্ত, সংস্কৃতি ছিল প্রতিবাদের ভাষা এবং শিশুকে মানুষ করে তোলাও ছিল এক ধরনের সামাজিক দায়িত্ব।
তিনি শিশুদের জন্য লিখেছিলেন, মানুষের মুক্তির স্বপ্নে গান লিখেছিলেন, সংস্কৃতির জন্য দায়বদ্ধ জীবন যাপন করেছিলেন—সেই জগতে তাঁর উপস্থিতি এখনো জীবন্ত।
আখতার হুসেন বাংলা সাহিত্যে অনন্য এক নাম; বাংলাদেশের শিশুসাহিত্য, সাংস্কৃতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় আজও বহমান এক আলোকরেখা।
লেখক:স্বাধীন চৌধুরী
কবি,সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক
প্রধান সম্পাদক ও প্রকাশক: স্বাধীন চৌধুরী
©২০২৬ নিউজ রেজিস্টার বাংলা