কিছু মানুষ তাঁদের সময়ের মধ্যে বাস করেন, অথচ তাঁদের চিন্তা সময়ের সীমানা অতিক্রম করে। তাঁরা জ্ঞানকে পেশা, সাহিত্যকে আত্মপ্রকাশ কিংবা প্রজ্ঞাকে ব্যক্তিগত মর্যাদার অলংকার করে তোলেন না; জ্ঞানকে যুক্তির শক্তি, সাহিত্যকে মানবিক বোধ এবং প্রজ্ঞাকে সমাজের দায়বদ্ধতায় রূপান্তরিত করেন। তাঁদের মূল্যায়ন তাই পরিচয়ের তালিকা দিয়ে সম্ভব নয়; বুঝতে হয় তাঁদের চিন্তার বিস্তার, জীবনবোধের গভীরতা এবং সমাজে রেখে যাওয়া বৌদ্ধিক উত্তরাধিকারের মধ্য দিয়ে।
অধ্যাপক গোলাম সামদানী কোরায়শী ছিলেন তেমনই এক বহুমাত্রিক মনীষা। শিক্ষক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক, সমাজসংস্কারক, সাংস্কৃতিক সংগঠক ও তাত্ত্বিক ও শিক্ষকনেতা—প্রতিটি পরিচয় তাঁর ব্যক্তিত্বের একেকটি দিক উন্মোচন করে; কোনোটি দিয়েই তাঁকে সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না। তাঁকে দেখতে হয় বহুমাত্রিক এবং সমন্বিত গুণাবলির এক উজ্জ্বল বিভায়। তাঁর মননের বিশেষত্ব ছিল জ্ঞানের বিচিত্র শাখায় বিচরণ এবং সেই জ্ঞানকে মানুষের জীবন, সমাজের বৈষম্য ও মনুষ্যত্বের প্রশ্নের সঙ্গে যুক্ত করা।
বাংলা সাহিত্য থেকে আরবি-ফারসি জ্ঞান-ঐতিহ্য, আঞ্চলিক ভাষার শব্দভান্ডার থেকে ইতিহাস ও সভ্যতার বিশ্লেষণ, শ্রেণিকক্ষ থেকে সাংস্কৃতিক সংগঠন, এমনকি মুক্তিযুদ্ধের বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ—তাঁর কর্মজগৎ বিস্তৃত হয়েছিল বহুদিকে। ইবনে খালদুনের আল-মুকাদ্দিমার বাংলা অনুবাদ, আত্মজৈবনিক গ্রন্থ সিন্ধুর এক বিন্দু, প্রবন্ধগ্রন্থ ইসলাম ও আমেরিকা এবং অপ্রকাশিত সৃজন ও মননশীল পাণ্ডুলিপির সম্ভারের পঠনপাঠন থেকে তাঁকে উন্মোচন করতে হয়।
২০১৭ সালে সাহিত্যক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয় বাংলাদেশ সরকার। কিন্তু রাষ্ট্রীয় সম্মান তাঁর অবদানের স্বীকৃতি দিলেও তাঁর চিন্তার পূর্ণ মূল্যায়ন তার বিকল্প নয়। সেই মূল্যায়নের জন্য প্রয়োজন তাঁকে নতুন করে পড়া, তাঁর রচনাকে বিচার করা এবং তাঁর জীবনদর্শনের সঙ্গে বিদ্যমানকালের প্রশ্নগুলোর সংলাপ তৈরি করা।
প্রতিকূলতার বিরুদ্ধে আত্মনির্মাণ
গোলাম সামদানী কোরায়শীর জন্ম ১৯২৯ সালের ৫ এপ্রিল, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামে। তাঁর পিতা আবদুল করিম কোরায়শী, মাতা আলতাফুন্নেসা। ১৯৯১ সালের ১১ অক্টোবর ময়মনসিংহে তাঁর জীবনাবসান ঘটে।
তাঁর জীবন শুরু হয়েছিল স্বাচ্ছন্দ্যের নিশ্চয়তায় নয়; অভাব ও প্রতিকূলতার মধ্যে।
শৈশবে তাঁকে আত্মীয়ের বাড়িতে রাখালের কাজ করতে হয়েছিল। পরে মসজিদে ইমামতি, শিক্ষকতা এবং অধ্যয়নের মধ্য দিয়ে তিনি নিজের পথ নির্মাণ করেন। জীবনের এই অভিজ্ঞতা তাঁর আত্মজৈবনিক রচনা সিন্ধুর এক বিন্দুকে দিয়েছে বিশেষ তাৎপর্য।
দারিদ্র্য মানুষকে কেবল বঞ্চিত করে না; কখনো কখনো তার সামনে নিজের সামর্থ্য আবিষ্কারের কঠিন পরীক্ষাও হাজির করে। তবে প্রতিকূলতা নিজে কাউকে মহৎ করে না—মহত্ত্বের জন্ম হয় প্রতিকূলতার মুখে মানুষের সিদ্ধান্ত, অধ্যবসায় ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে। কোরায়শীর জীবন এই পার্থক্যটি বুঝতে সাহায্য করে।
ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে ১৯৫৪ সালে কামিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি স্বর্ণপদক অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়ন করে ১৯৫৯ সালে স্নাতক সম্মান এবং ১৯৬০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
এই শিক্ষাযাত্রার তাৎপর্য শুধু এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তরণে নয়। ধর্মীয় শিক্ষার পরিমণ্ডল থেকে বাংলা সাহিত্যের উচ্চতর অধ্যয়ন, আরবি-ফারসি জ্ঞান-ঐতিহ্য থেকে আধুনিক ইতিহাস ও সমাজচিন্তার দিকে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে তিনি নিজের মননের পরিসর প্রসারিত করেছিলেন।
তাঁর জীবন আমাদের একটি জরুরি শিক্ষা দেয়- জন্মপরিস্থিতি মানুষের সম্ভাবনার চূড়ান্ত সংজ্ঞা নয়। অধ্যয়ন, আত্মশৃঙ্খলা ও প্রশ্ন করার সাহস সেই সংজ্ঞা বদলে দিতে পারে।
ভাষার শিকড়ে ড. মুহম্মদ শহীদুল্লাহর সহযোগী
১৯৬১ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত গোলাম সামদানী কোরায়শী বাংলা একাডেমির অভিধান প্রকল্প এবং পাণ্ডুলিপি ও সংকলন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্পে তাঁর কাজ ছিল কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
আঞ্চলিক ভাষার অভিধান তৈরি মানে শুধু শব্দের অর্থ সংগ্রহ নয়; এর অর্থ একটি জনপদের জীবনকে ভাষার ভেতর থেকে পাঠ করা। কৃষি, নদী, পেশা, লোকাচার, আত্মীয়তার সম্পর্ক, বিশ্বাস ও দৈনন্দিন অভিজ্ঞতামানুষের মুখে মুখে বেঁচে থাকা শব্দে এ-সবের চিহ্ন জমা থাকে। অভিধানের পাতায় তাই ভাষার পাশাপাশি সংরক্ষিত হয় সমাজের স্মৃতি।
মান্য ভাষার বাইরে থাকা শব্দকে গুরুত্ব দেওয়া মানে ভাষার কোনো নিম্নতর স্তরকে স্বীকৃতি দেওয়া নয়; বরং ভাষার প্রকৃত বিস্তারকে স্বীকার করা। যে সমাজ নিজের আঞ্চলিক ভাষা ও লোকজ শব্দভান্ডারকে অবহেলা করে, সে নিজের সাংস্কৃতিক ইতিহাসের একটি অংশকেই অদৃশ্য করে।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদের সঙ্গে এই প্রকল্পে কাজ করা গোলাম সামদানী কোরায়শীর ভাষা ও গবেষণার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি করেছিল। এখানে তাঁর কাজের তাৎপর্য দ্বিমুখী। একদিকে তা ভাষা-গবেষণার সঙ্গে তাঁর পেশাগত সম্পৃক্ততা নির্দেশ করে; অন্যদিকে স্মরণ করিয়ে দেয়—জ্ঞানের পূর্ণতা অর্জিত হয় তখনই, যখন প্রান্তিক অভিজ্ঞতাও তার যথাযথ স্থান পায়।
আল-মুকাদ্দিমাঃ বাংলা ভাষায় বিশ্বচিন্তার প্রবেশদ্বার
ইবনে খালদুনের আল-মুকাদ্দিমা বিশ্ববুদ্ধিবৃত্তিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইতিহাস, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, ক্ষমতা ও সভ্যতার উত্থান-পতন বিশ্লেষণে এর বিশেষ গুরুত্ব রয়েছে। ইবনে খালদুন ইতিহাসকে শুধু রাজা-বাদশাহ, যুদ্ধ কিংবা রাজবংশের বিবরণ হিসেবে দেখেননি; তিনি জানতে চেয়েছেন, ইতিহাসের অন্তর্গত সামাজিক শক্তিগুলো কীভাবে কাজ করে।
কোনো রাষ্ট্রের উত্থানের পেছনে কী থাকে? সামাজিক সংহতি কীভাবে রাজনৈতিক ক্ষমতায় রূপ নেয়? ক্ষমতার ভিত্তি দুর্বল হয় কেন? সভ্যতার বিকাশ ও পতনের পেছনে কোন সামাজিক বাস্তবতা কাজ করে? এসব প্রশ্নের মধ্য দিয়ে ইবনে খালদুন ইতিহাসকে কারণ অনুসন্ধানের একটি জ্ঞানশাস্ত্রে উন্নীত করেছিলেন।
এই গুরুত্বপূর্ণ গ্রন্থের দুই খণ্ডের বাংলা অনুবাদের সঙ্গে গোলাম সামদানী কোরায়শীর নাম যুক্ত। তাঁর এই অনুবাদকর্মের মূল্যায়ন করতে হলে প্রথমেই বুঝতে হবে, অনুবাদ কেবল ভাষা বদলের কারিগরি কাজ নয়। বিশেষত ইতিহাস ও দর্শনের জটিল গ্রন্থ অনুবাদে প্রয়োজন ধারণার সূক্ষ্মতা, ঐতিহাসিক প্রেক্ষাপটের বোধ এবং মূল বক্তব্যের তাৎপর্য অক্ষুণ্ন রেখে লক্ষ্যভাষায় তা প্রকাশ করার ক্ষমতা।
একটি ভাষা তখনই জ্ঞানসমৃদ্ধ হয়ে ওঠে, যখন সে নিজের সাহিত্য সৃষ্টির পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ চিন্তাকেও আত্মস্থ করতে পারে। অনুবাদ সেই আত্মস্থ করার অন্যতম প্রধান মাধ্যম। অন্য ভাষায় সৃষ্ট জ্ঞানকে নিজের ভাষায় পাঠযোগ্য করে তোলা মানে শুধু পাঠকের সুবিধা সৃষ্টি নয়; নিজস্ব বুদ্ধিবৃত্তিক পরিসর সম্প্রসারণ করা।
কোরায়শীর আল-মুকাদ্দিমা অনুবাদ এক বৃহত্তর সাংস্কৃতিক দায়িত্বের সঙ্গে যুক্ত। তাঁর অনুবাদের যথার্থতা ও ভাষাশৈলী নিয়ে তুলনামূলক গবেষণা অবশ্যই প্রয়োজন; তবে গ্রন্থটির মতো একটি বিস্তৃত জ্ঞানভুবনকে বাংলা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ তাঁর অনুবাদক-পরিচয়ের গুরুত্ব প্রতিষ্ঠা করেছে।
অনুবাদের বহুমাত্রিকতাঃ ইতিহাস, দর্শন ও উপকথা
কোরায়শীর অনুবাদসাধনার পরিসর আল-মুকাদ্দিমাতে সীমাবদ্ধ ছিল না। তাঁর অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে জিয়াউদ্দিন বারানির তারিখ-ই-ফিরুজশাহী, ইকবালের আরমুগানে হেজাজ এবং ফারসি আনোয়ারে সুহায়লি অবলম্বনে কালিলা ও দিমনা।
এই গ্রন্থগুলোর বিষয়, ভাষাভঙ্গি ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য পরস্পর থেকে পৃথক। একদিকে ইতিহাস, অন্যদিকে কবিতা ও দর্শন; আবার অন্যদিকে উপকথা ও নীতিশিক্ষার দীর্ঘ পরম্পরা। এ ধরনের বিচিত্র রচনার অনুবাদে যুক্ত থাকা তাঁর পাঠের বিস্তৃতি ও বিভিন্ন জ্ঞানধারার প্রতি আগ্রহের পরিচয় বহন করে।
ইতিহাসের গ্রন্থ অতীতের ক্ষমতা ও সমাজব্যবস্থাকে বুঝতে সাহায্য করে; দর্শন মানুষের চিন্তার ভিত্তিকে প্রশ্ন করে; আর উপকথা মানুষের নৈতিক দ্বন্দ্ব ও সামাজিক আচরণকে রূপকের মাধ্যমে উন্মোচন করে। ভাষা বদলালেও এসব রচনার অন্তর্গত প্রশ্নগুলো নতুন পাঠকের কাছে নতুন অর্থ তৈরি করতে পারে।
তবে অনুবাদকের কৃতিত্ব শুধু গ্রন্থের বিষয়বৈচিত্র্য দিয়ে নির্ধারিত হয় না। মূলের সঙ্গে বিশ্বস্ততা, ভাষার স্বাভাবিকতা, ধারণার যথার্থতা এবং পাঠকের কাছে বক্তব্যের গ্রহণযোগ্যতা—সবই মূল্যায়নের অংশ। কোরায়শীর অনুবাদসমূহের তুলনামূলক পাঠ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হতে পারে।
অনুবাদকের কাজ তাই একই সঙ্গে সেতু নির্মাণ ও বোধের পরীক্ষা। এক ভাষার চিন্তাকে অন্য ভাষায় পৌঁছে দেওয়ার সময় তিনি শুধু শব্দ স্থানান্তর করেন না; দুই ভাষার জ্ঞানজগতের মধ্যে সম্পর্কও তৈরি করেন।
ধর্ম, যুক্তি ও মুক্তবুদ্ধির প্রশ্ন
কোরায়শীর প্রবন্ধগ্রন্থ ইসলাম ও আমেরিকা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম, আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য ও আসামীর কাঠগড়ায় প্রভৃতি রচনা তাঁর বিষয়বৈচিত্র্যের পরিচয় বহন করে। ধর্ম, সাহিত্য, ইতিহাস ও সভ্যতা সম্পর্কে তাঁর আগ্রহ ছিল বহুমুখী।
তাঁকে মুক্তবুদ্ধির মানুষ হিসেবে মূল্যায়নের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণঃ ধর্মীয় জ্ঞান এবং প্রশ্ন করার অধিকারকে পরস্পরের প্রতিপক্ষ ভাবার কোনো যৌক্তিক কারণ নেই। ধর্মের গভীর অধ্যয়ন যেমন মানুষের নৈতিকতা, আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ব সম্পর্কে চিন্তার পথ খুলতে পারে, তেমনি ধর্মের নামে অন্ধ অনুকরণ, কুসংস্কার কিংবা প্রশ্নহীন কর্তৃত্বের সমালোচনাও যুক্তিবাদী বিবেকের দাবি।
বিশ্বাসের গভীরতা আর চিন্তার স্বাধীনতা একে অন্যকে বাতিল করে না, বরং কোনো বিশ্বাসের প্রকৃত শক্তি বোঝা যায় তার ব্যাখ্যা, যুক্তি ও মানবিক পরিণতি নিয়ে প্রশ্ন তোলার সামর্থ্যে। যেখানে প্রশ্ন নিষিদ্ধ, সেখানে জ্ঞানের বিকাশ বাধাগ্রস্ত হয়; আর যেখানে যুক্তির অবকাশ থাকে, সেখানে মতভেদও চিন্তার সম্পদে পরিণত হতে পারে।
প্রখ্যাত লেখক ও গবেষক যতীন সরকারের স্মৃতিচারণে কোরায়শীর ধর্ম ও দর্শনবিষয়ক প্রশ্নমুখর মননের পরিচয় পাওয়া যায়। তাঁর ব্যক্তিত্বের এই দিক বোঝার জন্য এমন প্রত্যক্ষ স্মৃতিচারণ খুবই গুরুত্বপূর্ণ। তবে তাঁর চিন্তাকে পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করতে হলে স্মৃতিচারণের পাশাপাশি তাঁর নিজের রচনা, যুক্তি ও বক্তব্যের মূলপাঠ বিশ্লেষণ আবশ্যক।
কোরায়শীকে কোনো সহজ অভিধায় আবদ্ধ না করে তাঁর চিন্তার বিবর্তন অনুসন্ধান করাই হবে যথার্থ মূল্যায়ন। কারণ মুক্তবুদ্ধি কোনো প্রস্তুত পরিচয় নয়; তা প্রশ্ন করার, নিজের ধারণাকে যাচাই করার এবং যুক্তির মুখোমুখি দাঁড়ানোর নিরন্তর অনুশীলন।
মানুষঃ শ্রম, বিবেক ও মর্যাদার প্রশ্ন
গোলাম সামদানী কোরায়শীর কাব্যগ্রন্থ ‘মানুষ’ তাঁর সাহিত্যিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রন্থটি বারোটি সনেটের সংকলন হিসেবে উল্লেখিত। সনেটের সংহত কাঠামোর মধ্যে ভাব, অনুভূতি ও ভাষাকে নিবিড়ভাবে সংগঠিত করতে হয়। সীমিত পরিসরে একটি চিন্তাকে শিল্পসম্মত পূর্ণতা দেওয়া কবির জন্য সহজ কাজ নয়।
কোরায়শীর মানবিক দর্শনের একটি তাৎপর্যপূর্ণ প্রকাশ পাওয়া যায় শ্রম ও মনুষ্যত্ব সম্পর্কে তাঁর নামে প্রচলিত একটি বক্তব্যে। বক্তব্যটির মর্ম হলো—অন্যের শ্রমের ফসল ভোগ করে ঐশ্বর্য বা পদমর্যাদা অর্জন করলেই মানুষ শ্রেষ্ঠ হয়ে ওঠে না; নিজের সামর্থ্য ও চেতনা অনুযায়ী জীবনের দায়িত্ব পালনকারী শ্রমজীবী মানুষও মনুষ্যত্বের মর্যাদায় তার চেয়ে উচ্চতর হতে পারে। এই বক্তব্যের কেন্দ্রে রয়েছে মানুষের মূল্য নির্ধারণের একটি নৈতিক মানদণ্ড। সম্পদ মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করতে পারে, কিন্তু তার মানবিক শ্রেষ্ঠত্বের চূড়ান্ত প্রমাণ নয়। পদমর্যাদা কর্তৃত্বের পরিচয় দিতে পারে, কিন্তু বিবেকের নিশ্চয়তা দেয় না। মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণে তার শ্রম, নৈতিক অবস্থান ও অন্যের প্রতি দায়বদ্ধতাকে বিবেচনায় নিতে হয়।
এই চিন্তা আজও তাৎপর্যপূর্ণ।
যে সমাজে সম্পদকে সাফল্যের প্রধান মাপকাঠি এবং শ্রমজীবী মানুষকে প্রায়শ অবমূল্যায়নের চোখে দেখা হয়, সেখানে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায়বোধের অপরিহার্য অংশ।
মানুষের শ্রেষ্ঠত্ব তার কত কিছু আছে, শুধু তাতে নয়; সে কীভাবে বাঁচে, কী সৃষ্টি করে এবং অন্যের জীবনকে কতটা মর্যাদা দেয়, তার মধ্যেও। কোরায়শীর মানবিক চিন্তার প্রাসঙ্গিকতা এখানেই।
সিন্ধুর এক বিন্দুঃ ব্যক্তিজীবনের ভেতর সময়ের ইতিহাস
কোরায়শীর আত্মজৈবনিক গ্রন্থ সিন্ধুর এক বিন্দু তাঁর জীবন, মনন ও সময়কে বোঝার গুরুত্বপূর্ণ অবলম্বন। সূচীপত্র প্রকাশনী থেকে প্রকাশিত এই বইয়ের প্রথম প্রকাশকাল ২০০০ সাল।
আত্মজীবনী ব্যক্তিগত স্মৃতির বিবরণ হলেও তার তাৎপর্য ব্যক্তির সীমানা ছাড়িয়ে যায়। একজন মানুষ কীভাবে পরিবার, সমাজ, শিক্ষা, অর্থনৈতিক বাস্তবতা ও সাংস্কৃতিক মূল্যবোধের ভেতর দিয়ে গড়ে ওঠেন, তার বিবরণে একটি সময়ের সামাজিক ইতিহাসও ধরা পড়ে।
কোরায়শীর জীবনসংগ্রাম, আত্মপ্রতিষ্ঠা ও মানসিক বিবর্তন এই গ্রন্থকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাঁর অভিজ্ঞতার মধ্য দিয়ে পূর্ববঙ্গের জনজীবন, সামাজিক মূল্যবোধ, শিক্ষা ও সংস্কৃতির পরিবর্তন এবং ব্যক্তিমানুষের আত্মনির্মাণের নানা দিক অনুসন্ধানের সুযোগ তৈরি হয়।
শিরোনামটির রূপকও তাৎপর্যপূর্ণ। বিশাল সিন্ধুর তুলনায় একটি বিন্দু ক্ষুদ্র; কিন্তু সেই বিন্দু সিন্ধু থেকে বিচ্ছিন্ন নয়। তেমনি ব্যক্তিমানুষের জীবনও ইতিহাসের বিশাল প্রবাহে ক্ষুদ্র অথচ স্বতন্ত্র এক অভিজ্ঞতা। তার জীবনকে বুঝতে হলে তার ব্যক্তিগত সংগ্রামের পাশাপাশি তাকে গড়ে তোলা সময় ও সমাজকেও বুঝতে হয়।
বরেণ্য বুদ্ধিজীবী যতীন সরকারের স্মৃতিচারণে এই আত্মজৈবনিক রচনার গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়েছে। বইটির মূল পাঠ নিবিড়ভাবে বিশ্লেষণ করলে কোরায়শীর চিন্তার বিবর্তন এবং তাঁর সমকাল সম্পর্কে গভীর ধারণা পাওয়া সম্ভব।
আত্মজীবনীর প্রকৃত শক্তি এখানেই—লেখক নিজের কথা বলতে গিয়ে এমন এক সময়ের কথা বলে ফেলেন, যে সময় আর ফিরে আসবে না; কিন্তু তার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে মূল্যবান হয়ে থাকবে।
পাণ্ডুলিপির শৃঙ্খলা ও সৃজনপ্রক্রিয়ার অনুসন্ধান
কোরায়শী সম্পর্কে প্রচলিত একটি স্মৃতিচারণ হলো, তিনি একবার লিখতে বসে প্রায় কাটাকুটিহীন রচনাটি লিখতে পারতেন। একটানা কোন লেখা নিখুঁতভাবে পাণ্ডুলিপির তৈরির বৈশিষ্ট্য ছিল তাঁর লেখকসত্তায়। এ বিষয়টি তাঁর অধ্যয়ন, চিন্তার প্রস্তুতি ও ভাষার ওপর অধিকারের পরিচায়ক হিসেবে স্মরণ করা হয়।
লেখায় কাটাকুটি না থাকাই সাহিত্যিক উৎকর্ষের মাপকাঠি নয়। বিশ্বসাহিত্যের বহু শ্রেষ্ঠ রচনা বারবার সংশোধন, পুনর্লিখন ও পরিমার্জনের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে। লেখার শক্তি নির্ধারিত হয় চিন্তার গভীরতা, ভাষার যথার্থতা, শিল্পবোধ এবং রচনার সামগ্রিক প্রভাব দিয়ে।
তবুও গোলাম সামদানী কোরায়শীকে ঘিরে এই স্মৃতিচারণের একটি সম্ভাব্য তাৎপর্য রয়েছে। দীর্ঘ অধ্যয়ন ও চিন্তার মধ্য দিয়ে কোনো বক্তব্য পরিণত হলে লেখার সময় তার প্রকাশ আরও সংহত হতে পারে।
শিক্ষকতাঃ জ্ঞানকে জীবনের সঙ্গে যুক্ত করা
১৯৬৮ সালে গোলাম সামদানী কোরায়শী ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কর্মসম্পর্ক ছিল।
একজন শিক্ষকের দায়িত্ব পাঠ্যসূচি শেষ করা কিংবা পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষক শিক্ষার্থীর সামনে প্রশ্নের দরজা খুলে দেন, প্রচলিত ধারণা যাচাই করতে শেখান এবং জ্ঞানকে জীবনের বাস্তবতার সঙ্গে যুক্ত করার ক্ষমতা গড়ে তোলেন।
কোরায়শীর সাহিত্য, অনুবাদ ও গবেষণার বিস্তৃতি তাঁর শিক্ষকপরিচয়কে বিশেষ তাৎপর্য দিয়েছে। বাংলা সাহিত্যের অধ্যাপক হয়েও তিনি ইতিহাস, আরবি-ফারসি সাহিত্য, ধর্ম, ভাষা ও সমাজের নানা প্রশ্নে আগ্রহী ছিলেন। তাঁর এই বহুমুখী মনন শিক্ষার একটি মৌলিক সত্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়—জ্ঞানের শাখাগুলো আলাদা হতে পারে, কিন্তু মানুষের জীবনকে বোঝার ক্ষেত্রে তারা পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
শিক্ষকের উত্তরাধিকার গ্রন্থের সংখ্যা দিয়ে মাপা যায় না। তাঁর শিক্ষার্থীরা কীভাবে চিন্তা করতে শিখেছেন, যুক্তির প্রতি কতটা দায়বদ্ধ হয়েছেন এবং সমাজ সম্পর্কে তাঁদের বোধ কতটা প্রসারিত হয়েছে—এসব হচ্ছে গুরুত্বপূর্ণ। গোলাম সামদানী কোরায়শী তাঁর শিক্ষকতার জীবনজুড়ে আদর্শের প্রশ্নে একজন সফল শিক্ষকের উদাহরণ।
শিক্ষকনেতাঃ ব্যক্তিগত প্রজ্ঞা থেকে সম্মিলিত অধিকার
কোরায়শী শিক্ষকসমাজের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন। শিক্ষকসমাজকে সংগঠিত করা এবং পেশাগত অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে তাঁর ভূমিকার কথা উল্লেখযোগ্য।
শিক্ষকনেতৃত্বের তাৎপর্য শুধু সভা-সমাবেশে বক্তব্য দেওয়ায় নয়। এর মধ্যে রয়েছে পেশাগত মর্যাদা রক্ষা,শিক্ষা নীতি শিক্ষাব্যবস্থার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ এবং শিক্ষকদের অধিকারকে বৃহত্তর সামাজিক স্বার্থের সঙ্গে যুক্ত করা।
তাঁর সাংগঠনিক ভূমিকা আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞানচর্চার সামাজিক দায়িত্ব বই লেখা ও পাঠদানের পর শেষ হয়ে যায় না। কখনো সেই দায়িত্ব দাবি করে সম্মিলিত উদ্যোগ, সংগঠন এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের পক্ষে অবস্থান।
ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে সম্মিলনের প্রয়াস
ময়মনসিংহের সাংস্কৃতিক পরিমণ্ডলে গোলাম সামদানী কোরায়শীর ভূমিকা স্মরণযোগ্য। আশির দশকে তিনি ময়মনসিংহে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
সাংস্কৃতিক জীবনের প্রাণশক্তি শুধু সাহিত্যসভা, নাটক, আবৃত্তি কিংবা সংগীতের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন মত ও শিল্পমাধ্যমের মানুষ যখন একটি বৃহত্তর সাংস্কৃতিক লক্ষ্যে একত্রিত হন, তখনই সংস্কৃতি সামাজিক শক্তিতে পরিণত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট তখন দেশের এক ক্রান্তিকালীন সময়ে ভূমিকা পালন করে, ময়মনসিংহে তাঁর সুদৃঢ় সাংস্কৃতিক ও সামাজিক নেতৃত্ব ময়মনসিংহবাসী দেখেছেন।তখন এই জোটের মাধ্যমে মতের ভিন্নতা অস্বীকার না করেও একটি অভিন্ন সাংস্কৃতিক পরিসর তৈরি করা, সৃজনশীল কর্মকাণ্ডকে সক্রিয় রাখা এবং মানুষের মধ্যে শিল্প ও মননের চর্চা বিস্তৃত করা—এসবই সাংগঠনিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন।
কোরায়শী যে সময়ে সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সে সময় বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় মুক্তিযুদ্ধের স্মৃতি, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং সাংস্কৃতিক স্বাধীনতার প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল।
মুক্তিযুদ্ধঃ বুদ্ধিবৃত্তিক প্রতিরোধের দায়
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতার সংগ্রাম; একই সঙ্গে তা ছিল বাঙালির সাংস্কৃতিক পরিচয়, মানবিক মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই সংগ্রামে সম্মুখযোদ্ধাদের পাশাপাশি শিক্ষক, লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ময়মনসিংহের মুক্তিযুদ্ধের ইতিহাসে বুদ্ধিজীবী সংগ্রাম শিবিরের ভূমিকা উল্লেখ করার মতো। বিভিন্ন কলেজের শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এই উদ্যোগের নেতৃত্বের সঙ্গে অধ্যাপক গোলাম সামদানী কোরায়শীর নাম যুক্ত। আঞ্চলিক মুক্তিযুদ্ধবিষয়ক বিবরণে অধ্যাপক আলী নওয়াজ, অধ্যাপক মোহাম্মদ হোসেন, অধ্যাপক শামছুজ্জামান খান, অধ্যাপক যতীন সরকারসহ অন্যদের নামও রয়েছে।
এই উদ্যোগের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে হলে মুক্তিযুদ্ধকে শুধু অস্ত্রের সংঘর্ষ হিসেবে দেখলে চলবে না। যুদ্ধের পক্ষে জনমত গঠন, মানুষকে সংগঠিত করা, সাংস্কৃতিক প্রতিরোধ জাগিয়ে তোলা এবং স্বাধীনতার পক্ষে বুদ্ধিবৃত্তিক অবস্থান গ্রহণও ছিল বৃহত্তর সংগ্রামের অংশ।
একজন শিক্ষক ও সাহিত্যিকের কাছে এমন সময়ে নিজের অবস্থান নির্ধারণ ছিল নৈতিক সাহসের প্রশ্ন। কোরায়শীর সম্পৃক্ততা তাঁর সামাজিক দায়িত্ববোধকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে যুক্ত করে।
সংস্কারক ও সুবক্তাঃ যুক্তির নৈতিক শক্তি
গোলাম সামদানী কোরায়শীকে ঘিরে স্মৃতিচারণে তিনি স্পষ্টভাষী, যুক্তিনিষ্ঠ ও সামাজিকভাবে সক্রিয় মানুষ হিসেবে প্রতিভাত হন। তাঁর বক্তৃতা ও সাংগঠনিক ভূমিকার বিবরণ তাঁকে একজন প্রভাবশালী বক্তা হিসেবেও পরিচিত করে।
বক্তৃতার শক্তি কণ্ঠস্বরের উচ্চতায় নয়, যুক্তির দৃঢ়তা ও বক্তব্যের নৈতিক ভিত্তিতে। যে বক্তা শুধু আবেগ সৃষ্টি করেন, তাঁর প্রভাব মুহূর্তে সীমাবদ্ধ থাকতে পারে; কিন্তু যিনি শ্রোতাকে নিজের ধারণা যাচাই করতে এবং প্রচলিত বিশ্বাসের ভিত্তি নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করেন, তাঁর বক্তব্য দীর্ঘস্থায়ী চিন্তার জন্ম দিতে পারে।
সমাজ সংস্কারেও একই সত্য প্রযোজ্য। অসংগতি চিহ্নিত করা সহজ; তার অন্তর্নিহিত কারণ বোঝা এবং পরিবর্তনের পথ তৈরি করা কঠিন। কুসংস্কার, অন্ধ অনুকরণ, সামাজিক বৈষম্য ও যুক্তিহীন কর্তৃত্বের বিরুদ্ধে অবস্থান নিতে প্রয়োজন অধ্যয়ন, ধৈর্য, নৈতিক দৃঢ়তা এবং মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ।
তাঁর শিক্ষকতা, সাহিত্য, অনুবাদ, শিক্ষক সংগঠন ও সাংস্কৃতিক নেতৃত্বের মধ্যে একটি অভিন্ন সূত্র খুঁজে পাওয়া যায়—জ্ঞানকে ব্যক্তিগত কৃতিত্বের সীমানা ছাড়িয়ে সামাজিক দায়িত্বের সঙ্গে যুক্ত করা। তাঁর সম্পর্কে স্থানীয় এলাকার মানুষেরা এবং নগরবাসী এখনো যারা জীবিত আছেন তারা তাঁর বিচার-বিবেচনা, মানুষে মানুষকে সম্প্রীতি, এ শহরে হিন্দু-মুসলমান সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান সম্পর্কে স্মরণ করেন।
পুরস্কার, স্বীকৃতি এবং কাজই তাঁর সাধনা
কোরায়শী কামিল পরীক্ষায় স্বর্ণপদক, আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার এবং অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন। ২০১৭ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
ছোটদের জন্য রচিত ‘দুদুমিয়া’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ তাঁর সাহিত্যকর্মের উল্লেখযোগ্য দিক।
শিশু-কিশোর সাহিত্য রচনা একজন লেখককে ভিন্ন ধরনের দায়িত্বের মুখোমুখি করে। সেখানে ভাষাকে সহজ করতে হয়, কিন্তু চিন্তাকে অগভীর করা চলে না; ইতিহাসকে পাঠযোগ্য করতে হয়, কিন্তু তার তাৎপর্য হারাতে দেয়া যায় না। শিশুদের জন্য তাঁর রচনাসমূহ তাঁর সাহিত্যিক পরিচয়ের স্বতন্ত্র একটি অংশ।
রাষ্ট্রীয় পুরস্কার একজন লেখকের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে, কিন্তু তাঁর সমগ্র উত্তরাধিকারকে ধারণ করতে পারে না। প্রকৃত স্বীকৃতি পূর্ণতা পায় যখন তাঁর বই পাঠকের হাতে পৌঁছায়, গবেষণায় তাঁর কাজ আলোচিত হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর রচনা পাঠ করা হয় এবং নতুন প্রজন্ম তাঁর চিন্তার সঙ্গে পরিচিত হয়।
গোলাম সামদানী কোরায়শীর ক্ষেত্রে এই দায়িত্ব বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ তাঁর কাজের বিস্তার বাংলা সাহিত্য থেকে আরবি-ফারসি জ্ঞান-ঐতিহ্য, ভাষা-গবেষণা ও সামাজিক চিন্তা পর্যন্ত প্রসারিত। প্রতিটি ক্ষেত্রেই আজ পৃথক পাঠ, মূল্যায়ন ও গবেষণা প্রয়োজন।
পুরস্কার তাঁর অর্জনের স্বীকৃতি; কিন্তু তাঁর রচনাকে জীবন্ত রাখা উত্তরসূরির দায়িত্ব।
অপ্রকাশিত রচনা ও পাণ্ডুলিপিঃ সংরক্ষণ জরুরি
কোরায়শীর অপ্রকাশিত পাণ্ডুলিপি ও অগ্রন্থিত লেখার সঠিক সংখ্যা, বিষয়বৈচিত্র্য ও বর্তমান সংরক্ষণস্থল সম্পর্কে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ্যে আনা প্রয়োজন। তাঁর অপ্রকাশিত রচনাসম্ভার এখন তা আর ব্যক্তিগত বা পারিবারিক সম্পদ নয়; সাহিত্য, ভাষা-গবেষণা ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ উপাদান। এখানে হয়তো আছে অসমাপ্ত প্রবন্ধ, অনুবাদের খসড়া, গবেষণার নোট, চিঠি, বক্তৃতা কিংবা এমন রচনা, যা প্রকাশের সুযোগ পায়নি। এই সম্ভাবনাকে বাস্তব গবেষণাসম্পদে পরিণত করতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ।
প্রথমত, তাঁর পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় পাণ্ডুলিপির একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা দরকার।
দ্বিতীয়ত, মূল কাগজের পরিবর্তে টেকসই ডিজিটাল প্রতিলিপি তৈরি করতে হবে।
তৃতীয়ত, বিশেষজ্ঞ সম্পাদনার মাধ্যমে রচনার পাঠ, তথ্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট যাচাই করা প্রয়োজন।
চতুর্থত, প্রয়োজনীয় ভূমিকা, টীকা ও সূত্রসহ গবেষণামূলক সংস্করণ প্রকাশ করা যেতে পারে।
এ কাজে বাংলা একাডেমি, বিশ্ববিদ্যালয়, গবেষক ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমন্বিত ভূমিকা রাখতে পারে।
একজন মনীষীর অপ্রকাশিত রচনা হারিয়ে যাওয়া মানে পৃষ্ঠা হারানো নয়; গুরুত্বপূর্ণ সৃজনের পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা সংকুচিত হওয়া। গোলাম সামদানী কোরায়শীর পাণ্ডুলিপি সংরক্ষণের প্রশ্নটি তাঁর পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানেরও দায়িত্ব।
কেন তাঁকে নতুন করে পাঠ করতে হবে
গোলাম সামদানী কোরায়শীর জীবন ও কর্মের দিকে ফিরে তাকালে তাঁর উত্তরাধিকারের কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য স্পষ্ট হয়।
প্রথমত, তাঁর জ্ঞানচর্চা ছিল বহুমাত্রিক। বাংলা সাহিত্য, আরবি-ফারসি ঐতিহ্য, ভাষা-গবেষণা, ইতিহাস ও সমাজচিন্তার মধ্যে তাঁর বিচরণ প্রমাণ করে যে জ্ঞানের কোনো শাখাকে বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে দেখলে মানুষের সামগ্রিক অভিজ্ঞতা বোঝা যায় না।
দ্বিতীয়ত, তাঁর জীবন শিক্ষকতা ও সামাজিক দায়িত্বের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি দৃষ্টান্ত। শ্রেণিকক্ষ, শিক্ষকসমাজ, সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযুদ্ধের বুদ্ধিবৃত্তিক পরিসর—তাঁর কর্মজীবনের এসব ক্ষেত্র জ্ঞানচর্চার সামাজিক মাত্রাকে সামনে আনে।
তৃতীয়ত, তাঁর আত্মজৈবনিক রচনা ব্যক্তিমানুষের সংগ্রামকে সময় ও সমাজের বৃহত্তর ইতিহাসের সঙ্গে যুক্ত করে। সিন্ধুর এক বিন্দু তাই শুধু একজন লেখকের জীবন জানার বই নয়; তাঁর মানসিক বিবর্তন ও সামাজিক অভিজ্ঞতা অনুসন্ধানেরও অবলম্বন।
চতুর্থত, তাঁর অনুবাদকর্ম বাংলা ভাষার জ্ঞানগত সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। নিজের ভাষায় বিশ্বচিন্তাকে গ্রহণ, বিচার ও ব্যাখ্যা করার ক্ষমতা ছাড়া কোনো সমাজের বুদ্ধিবৃত্তিক বিকাশ পূর্ণতা পায় না।
পঞ্চমত, শ্রম, বিবেক ও মনুষ্যত্ব সম্পর্কে তাঁর চিন্তা মানুষের মর্যাদাকে বাহ্যিক পরিচয় ও সম্পদের ঊর্ধ্বে বিবেচনা করার আহ্বান জানায়।
তবে তাঁকে নতুন করে পড়া মানে তাঁকে প্রশ্নাতীত করে তোলা নয়। বরং তাঁর রচনার মূল পাঠে ফিরে যাওয়া, চিন্তার শক্তি ও সীমা নির্ণয় করা, ঐতিহাসিক প্রেক্ষাপটে তাঁর অবদান বিচার করা এবং নির্ভরযোগ্য গবেষণার ভিত্তিতে তাঁর উত্তরাধিকারকে সমৃদ্ধ করাই হবে যথার্থ সম্মান।
একজন মনীষীর প্রতি শ্রদ্ধা তখনই অর্থবহ হয়, যখন তাঁর চিন্তা আমাদের প্রশ্ন করতে শেখায়।
জ্ঞানের চূড়ান্ত পরীক্ষা মনুষ্যত্ব
অধ্যাপক গোলাম সামদানী কোরায়শীকে একটি পরিচয়ে সংজ্ঞায়িত করা অসম্ভব। তিনি শিক্ষক, কিন্তু তাঁর পরিচয় শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়; সাহিত্যিক, কিন্তু তাঁর মনন শুধু সৃজনশীল রচনায় আবদ্ধ নয়; অনুবাদক, কিন্তু তাঁর কাজ শুধু ভাষান্তরের কারিগরি দক্ষতায় শেষ হয় না; তাঁর অপার সৃজন সৌন্দর্য, সামাজিক ভূমিকা কোন কিছুই কেবল পদবির মধ্যে সীমিত নয়।
জ্ঞান, যুক্তি ও মনুষ্যত্ব পরস্পর বিচ্ছিন্ন নয়। জ্ঞান যদি মানুষকে বুঝতে সাহায্য না করে, তবে তার সামাজিক তাৎপর্য অসম্পূর্ণ। যুক্তি যদি অন্ধত্বের বদলে কেবল অহংকার তৈরি করে, তবে তার মুক্তিকামী শক্তি ক্ষয়প্রাপ্ত হয়। আর মনুষ্যত্ব যদি অন্যের শ্রম, মর্যাদা ও অধিকারকে স্বীকার না করে, তবে তার নৈতিক ভিত্তিই দুর্বল হয়ে পড়ে।
কোরায়শীর অনুবাদ আমাদের বিশ্বচিন্তার দুয়ারে নিয়ে যায়; তাঁর আত্মজৈবনিক রচনা ব্যক্তিজীবনের ভেতর সময়ের ইতিহাস খুঁজতে শেখায়; তাঁর সাহিত্য মানুষের অভিজ্ঞতা ও মর্যাদার দিকে দৃষ্টি ফেরায়। শিক্ষকতা, সাংগঠনিক কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধকালীন সম্পৃক্ততার বিবরণ তাঁর জীবনকে ব্যক্তিগত অর্জনের সীমানা ছাড়িয়ে সামাজিক দায়িত্বের পরিসরে স্থাপন করে।
তাঁকে যথার্থভাবে স্মরণ করার জন্য শুধুই আলোচনা সভা, স্মারক আয়োজন কিংবা আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন যথেষ্ট নয়। প্রয়োজন তাঁর গ্রন্থের সহজলভ্যতা, অপ্রকাশিত রচনার অনুসন্ধান, পাণ্ডুলিপির সংরক্ষণ, প্রামাণ্য জীবনী এবং তাঁর চিন্তার গভীরতর গবেষণা। একই সঙ্গে প্রয়োজন নতুন প্রজন্মের কাছে তাঁকে পৌঁছে দেওয়া—কোনো পূজার বেদিতে স্থাপন করে নয়, একজন চিন্তাশীল মানুষ হিসেবে পাঠের ও প্রশ্নের পরিসরে ফিরিয়ে এনে।
মানুষের জীবন শেষ হয়; কিন্তু তার চিন্তার আয়ু নির্ভর করে পরবর্তী প্রজন্ম তাকে কীভাবে গ্রহণ করে তার ওপর। কোনো মনীষী কত বড় ছিলেন, তার একটি মাপকাঠি তাঁর অর্জন; আরেকটি মাপকাঠি হলো, তাঁর কাজ পরবর্তী মানুষের চিন্তাকে কতটা প্রসারিত করতে পারে।
গোলাম সামদানী কোরায়শীর উত্তরাধিকার আমাদের সামনে সেই প্রশ্নই রেখে যায়ঃ জ্ঞান কি কেবল ব্যক্তিগত সাফল্যের সিঁড়ি, নাকি মানুষের মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠার উপায়? যুক্তি কি শুধু বিতর্কে জেতার অস্ত্র, নাকি নিজের বিশ্বাসকেও যাচাই করার সাহস? আর শিক্ষা কি শুধু সনদ অর্জন, নাকি মানুষ হয়ে ওঠার নিরন্তর সাধনা?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই তাঁর জীবন ও কর্মের তাৎপর্য নতুন করে উন্মোচিত হবে।
মনুষ্যত্বের সাধনা ছাড়া জ্ঞান পূর্ণতা পায় না; আর মানুষের মর্যাদার প্রশ্ন থেকে বিচ্ছিন্ন প্রজ্ঞা শেষ পর্যন্ত নিজের সামাজিক অর্থই হারায়। গোলাম সামদানী কোরায়শীকে স্মরণ করার গভীর তাৎপর্য এখানেই—জ্ঞানকে যুক্তিতে, যুক্তিকে বিবেকে এবং বিবেককে মানুষের কল্যাণে নিয়োজিত করার সাধনায়।
লেখকঃ স্বাধীন চৌধুরী
কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক

