হাসনাত আবদুল হাই কথাসাহিত্যে এক উজ্জ্বল কথাকার। গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনিসহ গদ্যের সকল ফরমেটে তিনি স্বচ্ছন্দ। সহজ-সরল কিন্তু অনুপম তার গদ্যভঙ্গি। পাঠক একই সঙ্গে ভাষার কূটচালে আক্রান্ত এবং সংক্রামিত হয় গভীর ভাবনায়। গদ্যের অন্তর্নিহিত বিষয় ও বক্তব্যের সঙ্গে কম্যুনিকেট করে। পাঠক তাকে নিকট আত্মীয় জ্ঞান করেন। লেখক অন্য অনেক বিষয়ের মতো মুক্তিযুদ্ধকে তাঁর গল্প-উপন্যাসের কেন্দ্রে রেখেছেন। আবার বিষয় থেকে দূরবর্তী অনুষঙ্গে মুক্তিযুদ্ধকে নানা মাত্রায় অবলোকন করেন।
সাতজন :
বাংলাদেশের মুক্তিযুদ্ধ যথার্থ অর্থেই কৃষক – শ্রমিক -মজুর শ্রেণি তথা নিম্নবর্গের মানুষের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের বাস্তবতায় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল নগণ্য। তুলনামুলক বিচারে প্রান্তিক মানুষ রাজনৈতিক বিচারবিবেচনাবোধ, আত্মপ্রতিষ্ঠা ও স্বার্থের মানদণ্ডে নয়, বাস্তব অবস্থার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এরকম একটি প্রেক্ষাপটে লেখক হাসনাত আবদুল হাই সাতজন উপন্যাসের কাহিনিবিন্যাস করেন।
সাতজনের মধ্যে তোরাপ আলি এবং গনি ডাকাত, লালু পকেটমার, কোরবান আলী ধর্ষক, লাল হামদু অপরাধ চক্রের সদস্য, আব্বাস খুবি এবং জব্বর পেশাদার চোর। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের কেউ কেউ হাজতি কেউ জেলবাসী। একজন রাজনৈতিক নেতার আহ্বানে তারা সবাই হাঙার স্ট্রাইকে অংশগ্রহণ করে এবং নিজেদের অজান্তে তারা পরস্পরের বন্ধু হয়ে ওঠে। একাত্তর সালের অসহযোগ আন্দোলন তাদেরকে বেপরোয়া হয়ে উঠার সুযোগ করে দেয়। মূলত একাত্তর সালে রাজনৈতিক অস্থিরতার কারণে যে সমাজ বাস্তবতা তৈরি হয় লেখক তাকে ভাষায় বাঙ্ময় করেন। রাজনৈতিক ইন্ধন , দেশপ্রেরণা কিংবা গণ আন্দোলনের ভাবনা থেকে নয় ‘সাতজন’ নিতান্ত মুক্ত জীবনের প্রত্যাশা থেকে জেল ভেঙে পালিয়ে আসে। সেদিন ছিল একাত্তরের ১ জানুয়ারি। বস্তুত জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ঢাকার জনজীবন, সমাজজীবন ও রাজনৈতিক বাস্তবতা এত সর্বগ্রাসী হয়ে ওঠে যে কারও পক্ষে তা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। সাতজনের পক্ষেও সম্ভব হয় নি। কিন্তু রাজনৈতিক সচেতনতাবোধ থেকে নয় বেঁচে থাকার অনিবার্য বাস্তবতা তাদেরকে অসহযোগ আন্দোলনের অংশ করে তোলে। প্রাথমিকভাবে তারা টিকে থাকার জন্য হাইকোর্ট মাজারে আশ্রয় নেয়। এখানে এসেও ডাকাত সর্দার তোরাপ আলী মাজারের রাঁধুনির সঙ্গে যথেচ্ছ রমনে লিপ্ত হয়। একইভাবে গনি ও লালু সমকামিতায় এবং কোরবান আলী পার্কের বেশ্যার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়। কিন্তু সময়টি এমন অভাবিত ছিল যে সমস্ত মানুষকে পরস্পরের বন্ধু, আত্মীয় ও সহমর্মি করে তোলে। সাতজনের কাছে ঢাকা শহর এবং জনমানস এক নতুন অভিজ্ঞতায় ধরা পড়ে।
ফলে তারা বিভিন্ন বাসায়, দোকানে চুরি, ডাকাতি কিংবা চাঁদাবাজি করার উদ্যেগ নিলে এমন পরিস্হিতির উদ্ভব হয় অপরাধের পরিবর্তে তারা অভিভূত হয়ে পড়ে। তাদের পক আর অপরাধ করা হয়ে উঠেনি। একটি পর্যায়ে তারা দেশের মুক্তির জন্য শহিদ মিনারে শফথ বাক্য পাঠ করে। মূলত লেখক সাতজনের মানসিক ভাবনার পরিপার্শ্বে একাত্তরের অসহযোগ আন্দোলনে নিম্নবর্গের মানসিক সংযুক্তির ক্রিয়া-প্রতিক্রিয়াকে চিহ্নিত করেন। নিম্নবর্গের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের জীবন বাস্তবতার সমান্তরালে সমান্তরালে অসহযোগ যুক্ত হয়। লেখক অসহযোগ আন্দোলনে সাতজনের অংশগ্রহণের বাস্তবতা মূর্ত করেন এভাবে- ” শহীদ মিনারে গিয়ে তারা দেখে হাজার হাজার মানুষ সকাল থেকে জড়ো হয়েছে। সবুজ আর লাল পতাকায় আকাশ ঢাকা। মাইকে গান হচ্ছে জোরে জোরে। মাঝে মাঝেই আওয়াজ উঠেছে বাজ পড়ার মতো। জয় বাংলা। এইদিকে এখন কোনো গাড়ি যানবাহন চলছে না। শুধুই পায়ে হাঁটা মানুষ। বেশুমার…
…ক্যান্টনমেন্টে? তোরাপ সর্দার হাঁ করে তাকায় ছেলেটির দিকে। ছেলেটি বলে, ক্যান্টনমেন্ট মানে সেনা ছাউনি। তেজগাঁও বিমানবন্দরের কাছে যেখানে ওরা থাকে। তারপর সে প্রথম ছেলেটিকে বলে, কিন্তু আওয়ামী লীগ কি পারবে নেতৃত্ব দিতে?
দ্বিতীয় ছেলেটি বলে, আন্দোলন এখন জনতার হাতে। স্বতঃস্ফূর্ত বিপ্লব রাস্তার বিপ্লব। প্রথম ছেলেটি বলল, স্বতস্ফূর্তই হয়েছে। সেই ১লা মার্চে ইয়াহিয়া কুত্তার ঘোষণার পর থেকেই। কিন্তু একটা নির্দেশিকা থাকতে হয়। নইলে এনার্কি আসতে পারে। তাই প্রতিদিন ৩২ নম্বর থেকে বঙ্গবন্ধু নির্দেশ জারি করছেন কার কী করতে হবে। এখন তিনিই সরকার প্রধান। “( পৃষ্ঠা ৪৮,৪৯ সাতজন : হাসনাত আবদুল হাই, ফেব্রুয়ারি, ২০২০, আগামী ঢাকা)
কার্যত অসহযোগ আন্দোলন চলাকালীন আওয়ামী লীগই সমান্তরাল সরকার পরিচালনা করে। সমগ্র দেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এমনকি সামরিক-বেসামরিক প্রশাসনও চলে পক্ষান্তরে আওয়ামী লীগের নির্দেশে। লেখক এখানে ব্যতিক্রম এই কারণে আওয়ামী লীগের সেই সুস্পষ্ট নির্দেশনা গণচরিত্রের উপলব্ধির ভিতর উল্লেখ করেন। লেখকের ভাষায়- ” ৮ মার্চ রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে হরতাল শিথিল করে এক নির্দেশনামা জারি করেছেন। এই বিবৃতিতে বলা হয়েছে যে, সকল ব্যাংকিং কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বেলা ৩টা পর্যন্ত প্রশাসনিক কাজের জন্য খোলা থাকবে। ব্যক্তিগত প্রয়োজনে এক হাজার টাকা পর্যন্ত তোলা মাসিক ও সাপ্তাহিক বেতন দেওয়া এবং মিল-ফ্যাক্টরি চালানোর কাঁচামাল কেনার জন্য টাকা তোলা যাবে। আদেশের বাইরে টাকা-পয়সা পাচার করা চলবে না। বিদ্যুৎ সরবরাহ ও পাওয়ার পাম্পের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে চালু থাকবে। পানি ও গ্যাস সরবরাহ চালু থাকবে। পোস্ট ও টেলিগ্রাফ অফিস শুধু বাংলাদেশের ভেতরে চিঠিপত্র, টেলিগ্রাফ ও মনি অর্ডার প্রেরণের উদ্দেশ্যে চালু থাকবে পানি ও গ্যাস সরবরাহ চালু থাকবে। স্বাস্থ্য রক্ষা ও স্যানিটেশন ব্যবস্থ কার্যকর থাকবে। পুলিশ বাহিনী শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে যাবে। প্রয়োজনে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবীরা তাদের সহায়তা করবে।” [পৃ. ৬৫, পূর্বোক্ত]
লেখক সাতজনের মনোজগতের পরিবর্তনের রেখা চিহ্নিত করেন। মৌচাক মোড়ে পাকিস্তানি মিলিটারির গুলিতে ফারুক ইকবাল শহিদ হয়। পাকিস্তানি বাহিনীর নির্বিকার ভঙ্গি এবং হাসতে হাসতে মানুষ খুনের দৃশ্যভঙ্গি তোরাপ আলি সর্দার এবং তাঁর সঙ্গীদের পরিস্থিতি সম্পর্কে সচকিত করে তোলে। তারা এই অন্যায় হত্যাকাণ্ডের প্রতিকারের জন্য অনড় সিদ্ধান্ত নেয়। এক সময় একজন অব. সেনাসদস্য সুবিদ আলীর তত্ত্বাবধানে যুদ্ধের প্রাথমিক ট্রেনিং গ্রহণ করে। লেখক ১৬ মার্চ-২২ মার্চ পর্যন্ত পাকিস্তানিদের আলাপ- আলোচনা, প্রহসন, অস্ত্র ও সৈন্য আমদানির জনগুঞ্জন, ১৯ মার্চে জয়দেবপুরে বাঙালি সৈনিকদের বিদ্রোহ, ২০ এবং ২৩ মার্চে সর্বত্র বাংলাদেশের পতাকা উত্তোলনের কথা উল্লেখ করেন।
নিম্নবর্গের মানুষের কাছে বঙ্গবন্ধু মুজিব যেভাবে প্রতিকায়িত হয়, তাদের মনোলোকে যেভাবে ভাস্বর হয় লেখক তা উল্লেখ করেন। বঙ্গবন্ধুকে ঘিরে নিম্নবর্গের মানুষের ভাবনা মূর্তি- ” লালু বলে, শরীর খান দেখছো? বাঘের লাহান। বঙ্গবন্ধু বলছেন। রক্ত যখন নিয়েছি। রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সমস্ত মাঠে লক্ষ লক্ষ মানুষ ফেটে পড়লো বিস্ফোরণের মতো।
তোরাপ সর্দার হাত তুলল ওপরে। বজ্র মুষ্ঠি। তার দেখাদেখি গনি, জব্বর আব্বাস, কোরবান, হামদু, লালু। আশেপাশের লোকের দিকে ভ্রুক্ষেপ না করে তারা মুহুর্মুহু আওয়াজ তুলল, জয় বাংলা। সাতজন মানুষকে অন্যরকম দেখাচ্ছে এখন। [পৃ. ৬৩, পূর্বোক্ত)
লেখক ২৫ মার্চের রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যা এবং পলায়নপর মানুষের রুদ্ধশ্বাস, আকৃতি ভাষায় ব্যক্ত করেন। কোনো রকমে বেঁচে যাওয়া সাতজন অব, সেনাসদস্য সুবিদ আলীর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ্রগ্রহণের উদ্দেশ্যে ভারতের দিকে পা বাড়ায়। তাদের প্রাথমিক গন্তব্য ছিল সুবিদ আলীর শ্বশুরবাড়ি সীমান্ত সংলগ্ন গ্রাম তালতলা। তারা সেই গ্রামে পৌঁছেও যায়। কিন্তু পথিমধ্যে আকস্মিকভাবে সুবিদ আলীর মৃত্যু হয়। তদুপরি সোলায়মান মাস্টার ও আইয়ুব আলী মেম্বরের নেতৃত্বে গ্রামবাসী তাদেরকে সাদরে গ্রহণ করে। সাতজন গ্রামবাসীকে মুক্তিযুদ্ধের প্রাথমিক ট্রেনিং দেয়। সহজাত বুদ্ধি বলে তারা গেরিলা যুদ্ধের কৌশল রপ্ত করে। এক পর্যায়ে তাদের সঙ্গে আরও ৩ জন বাঙালি সেনা অফিসার যুক্ত হয়। তোরাপ আলির নেতৃত্বে সাতজন এবং ৩ জন সৈনিক গ্রামবাসীদের নিয়ে গেরিলা আক্রমণ করে পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করে। লেখক এখানে যে অভিনব বর্ণনা করেন তা গেরিল যুদ্ধের প্রকৃষ্ট উদাহরণ। একই সঙ্গে কৃষক বিদ্রোহের সঙ্গে সাযুজ্যপূর্ণ। লেখক তালতলাবাসীর মধ্যে কৃষক বিদ্রোহের ঐতিহ্য ও চেতনার সঙ্গে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা একই সমান্তরালে দাঁড় করিয়ে দেন। অন্যদিকে পাকিস্তানি বাহিনী প্রতিশোধপ্রবণ হয়ে যে ধ্বংসলীলা ও হত্যাযজ্ঞ সংঘটিত করে লেখক তার ছবিও এঁকেছেন।
সর্বশেষ আকিরো কুরো শাওয়ারের অনুপ্রেরণায় লেখক সেভেন সামুরাই-এর অনুকরণে যে সাতটি চরিত্র অঙ্কন করেন তাদের প্রত্যেকেই মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের পরিচয় দেয়। তাদের কেউ কেউ যুদ্ধক্ষেত্রে শহিদ হয়, কেউ কেউ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে নির্মম নির্যাতন সহ্য করে শহিদ হয়।কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করে নি। একমাত্র ব্যতিক্রম লালু। সে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে বিজয়ের গৌরব অর্জন করে। কিন্তু স্বাধীন দেশে তার স্বীকৃতি কিংবা কর্মসংস্থান হয়নি। বাধ্য হয়ে তাকে পকেটমারের পেশায় ফিরে যেতে হয়। লেখক মুক্তিযুদ্ধে নিম্নবর্গের মানুষের অবদান ও পরিণতিকে যথাযথভাবে চিহ্নিত করেন।
তিন বন্ধু এবং একটি দেশ : হাসনাত আবদুল হাই তাঁর কথাসাহিত্যে মুক্তিযুদ্ধকে উপজীব্য করেছেন। একই ঘরানার উপন্যাস তিন বন্ধু এবং একটি দেশ। লেখক তিনটি কেন্দ্রীয় চরিত্র নির্মাণ করে ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদের বিকাশ মুহূর্ত, গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধকে মূর্ত করেছেন। অবশ্য তাদের জীবন একাত্তর ছাড়িয়ে বর্তমান সময়কেও স্পর্শ করে।
মূল গল্পে তিনটি কেন্দ্রীয় চরিত্র থাকলেও তাদের মধ্যে মূলত একটি চরিত্র কথকের ভূমিকা পালন করে। কথকের উত্তম বয়ানে পাঠক কয়েকটি পরিবার ও সমাজ সংস্কৃতির মধ্যে প্রবেশ করে। কথকের ঘনিষ্ঠ বন্ধু সহপাঠী সমরেশ তারা দুজনেই কলেজের ক্রীড়া ও সংস্কৃতির উজ্জ্বল মুখ। এই কারণে এক সময় একই কলেজের জুনিয়র বিমলার সঙ্গে তাদের গভীর বন্ধুত্ব হয়। সংস্কৃতিমনস্ক সুন্দরী বিমলা তাদের দু’জনের মনোযোগ আকর্ষণ করে। দুজন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। অবশ্য এই প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে কোনো ধরনের প্রতিহিংসা কিংবা জিঘাংসা সৃষ্টি করেনি। কেবল বিমলার মন পেতে শ্রেষ্ঠত্ব অর্জনের অদম্য আকাঙ্ক্ষা সৃষ্টি হয়।
‘৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্ট নির্বাচিত হয়। মুসলিম লীগ এই পরাজয় হজম করতে পারেনি। তাদের ষড়যন্ত্রে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। একইভাবে জেলা শহরেও কথকের চাচা মুসলিম লীগ নেতা মনিবুর রহমান উকিল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে উদ্যত হয়। কথক সেই সংবাদ জানতে পেরে বিমলা ও সমরেশের পরিবারের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়। শেষ পর্যন্ত সমরেশের পিতা শহরের প্রথিতযশা ডাক্তার দাঙ্গাকারীদের হাতে প্রাণ দেয়। এর মধ্য দিয়ে পাঠকের কাছে কথকের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, প্রেমিকার জন্য আকুতি, বন্ধুর জন্য দায়িত্ববোধ এবং মধ্যবিত্ত মানসিকতার পরিচয় পাওয়া যায়।
এই ঘটনাই কথক সমরেশ ও বিমলার জীবনকে একটি বাঁকে এনে করিয়ে দেয়। বিমলা কথক ও সমরেশ দু’জনের মনই পড়তে পেরেছিল। স্বভাবত ছিল দ্বিধাগ্রস্ত। দাঙ্গায় সমরেশের পিতৃবিয়োগের কারণে সুপ্ত ভালোবাসা ও সহমর্মিতার বোধ থেকে বিমলা সমরেশকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ততদিনে সমগ্র জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা, গণ অভ্যুত্থান এবং একাত্তরের অসহযোগ আন্দোলনের অংশ হয়ে ওঠে। কথক, সমরেশ ও বিমলা নিজেদের অজান্তে বাঙালির সম্মিলিত আকাঙ্ক্ষার অংশে পরিণত হয়। লেখক কথকের বয়ানে বিষয়গুলো তুলে ধরেন এভাবে –
“ ক. তাদের কথা শেষ হতে না হতে একটা টিয়ার গ্যাস শেল এসে পড়ে আমার সামনে।আমি উত্তেজিত হয়ে ক্রুদ্ধ ভঙ্গিতে সেটা তুলে নিয়ে সামনে ছুড়ে দিই।… কিছু পর আশপাশের বাড়ি, দোকান পাটের দোকান থেকে তরুণ আর যুবকদের দল মিছিল করে আসতে থাকে। দেখেই বুঝতে পারি তাদের বেশির ভাগ ছাত্র। সবার হাতে প্ল্যাকার্ড, তারা শ্লোগান দিচ্ছে জোরে। আইয়ুব শাহীর পতন চাই। আগরতলা ষড়যন্ত্র মামলার বন্দিদের মুক্তি চাই। আমাদের দাবি মানতে হবে। জনতার সংগ্রাম চলবেই। তাদের সঙ্গে যোগ দিতে এগিয়ে আসে হকার শ্রমিক নানা পেশার মানুষ। এমনকি মেয়েরাও এসে যোগ দেয়। স্রোতের মতো আসতে থাকা উত্তেজিত মানুষেরা এক বিরাট জনতার রূপ নেয়। তারা রাস্তার পুরোটা দখলে নিয়ে সামনে এগোতে থাকে বলদৃপ্ত ভঙ্গিতে । সবাই মাথার ওপরে উচিয়ে ধরেছে প্ল্যাকার্ড। সবার গলায় স্লোগান আগুনের ফুলকির মতো ওপরে উড়ছে। বোমার মতো ফেটে পড়ছে সমবেত কন্ঠস্বর। আমি উত্তেজিত হয়ে তাদের দিয়ে প্রায় সৌড়ে যেতে থাকি। হাতে তুলে নিই মাটিতে পড়ে থাকা একটা প্ল্যাকার্ড : পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন চাই। (পৃ. ৯০, তিন বন্ধু এবং একটি দেশ : হাসনাত আবদুল হাই, ফেব্রুয়ারি, ২০১২, আগামী প্রকাশনী, ঢাকা)
খ. আমাদের ছোট শহরেও রাজধানীর অসহযোগ আন্দোলনের ঢেউ এসে লেগেছে। পূর্ব পাকিস্তানের সব শহরেই এমন হয়েছে বলে শুনেছি অফিস-আদালত বন্ধ। স্কুল-কলেজ চলছে না। দোকান-পাট কিছু খোলা, বাকি বন্ধ। সরকারি কোনো সংস্থা যেমন ব্যাংক খোলা থাকবে, কখন থাকবে সবকিছুর নির্দেশ প্রতিদিন দেয়া হচ্ছে বত্রিশ নম্বর ধানমন্ডি থেকে। সেটাই এখন পূর্ব পাকিস্তান সরকারের প্রধান দফতর বলা যায়। আমাদের শহরেও একই অবস্থা। আমরা অফিসে যাই না, রাস্তায় রাস্তায় মিছিল করি। স্লোগান দিই মিছিল থেকে। এই কাজে ছাত্র আর তরুণ বয়সের ছেলেমেয়েরাই বেশি উৎসাহী। তবে সব বয়সের মানুষই কখনো না কখনে তাদের সঙ্গে যোগ দিচ্ছে। বাড়িতে, দোকানে আর অফিসের ওপরে উড়ছে জয় বাংলার পতাকা। সবুজ রং, মাঝখানে হলুদের ভেতরে লাল পর্য পাকিস্তানের ম্যাপ। শুনতে পেয়েছি ঢাকায় ছাত্রনেতারা এটা তৈরি করেছে। তারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বলতে গেলে আন্দোলনের নেতৃত্ব তাদেরই হাতে। অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের তাদের কথা শুনতে হচ্ছে।”(পৃষ্ঠা ১০৯, পূর্বোক্ত।
তারা তিন বন্ধুর কেউ রাজনৈতিক কর্মী সংগঠক নয়, কিন্তু মুক্তিযুদ্ধ তাদের জীবনকে চূড়ান্ত ভাবে গ্রাস করে। সারাদেশের মতো পাকিস্তানি সেনাবাহিনী কথকের মফসসল শহরেও দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। বিমান থেকে নির্বিচারে গুলি ও বোমা বর্ষণ করে হত্যাযজ্ঞ চালায়। দখলদারিত্ব সম্পন্ন করে তারা শহরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অনেকেই ভারতে শরনার্থী হয়, আবার স্হানীয়ভাবে মুক্তিযোদ্ধারাও সংঘটিত হয়। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মেজর জলিলের প্রচ্ছন্ন ভূমিকার ঈঙ্গিত দি মাথা তিন বন্ধুর কেউ বাজনৈতিক কাঠ-সংহতছে বসের ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ চালায় দখলদারিত্বসম্পন্ন করে যারা খুনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অনেকেই ভারতে শরণার্থী হারমানে মুক্তিযোদ্ধারাও সংঘটিত হয়। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে লেখক মেজর জলিলের চাইবার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে রাজাকার বাহিনীর খলদারিত্ব ও বিহারি রহমতের বিশ্বাসঘাতকতা প্রতকায়িত করে। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের গোপন সংবাদ জানিয়ে কথক ও কথকের বন্ধু সমরেশ নির্যাতনের শিকার হয়।
উপন্যাসের ট্র্যাজেডি অন্যত্র। পাকিস্তান হানাদার বাহিনীর মেজর রিজভী উদ্যোগ নিয়ে সমরেশকে ধর্মান্তরিত করে মুসলিম বানায়। তাকে সার্জন দিয়ে সুন্নতে খৎনা করিয়ে নতুন নাম দেওয়া হয় সেকান্দার হায়াত। কিন্তু তীব্র আত্মগ্লানি ও অপমান অন্য জায়গায় মেজর রিজভী প্রায় প্রতি সন্ধ্যায় সমরেশের বাড়িতে যায়। শুধু তাই নয়, সেই সময় সে বিমলার সঙ্গে একান্তে সময় কাটায় এবং ড্রয়িং রুমে সমরেশ এবং সমরেশের বন্ধু কথককে উপস্থিত থাকতে বাধ্য করে। এ জাতীয় ঘটনা মানুষের মনে কতটা অন্তর্দহন সৃষ্টি করে, তা সহজেই অনুমেয়। আমরা দেখি মুক্তিযুদ্ধে বিজয়ের পর সমরেশ আত্মহত্যা করে। বিমলা পায় বীরাঙ্গনা খ্যাতি। তিন বন্ধু হয়ে ওঠে একটি দেশের জন্মলগ্নের অংশ। লেখক উপন্যাসের ধারা বর্ণনার ক্ষেত্রে ঘটনাক্রমের ধারাবাহিকতা অনুসরণ করেননি। তিনি মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ কেন্দ্রে রেখে সমান্তরালে বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং আত্মকথন বর্ণনা করেন। লেখক আখ্যানের গঠনশৈলীতে অভিনবত্ব সংযোজন করেন। তার কথা সহজ কিন্তু পাঠক তাড়িত হয়, মর্মে মর্মে উপলব্ধি করে ভাষার ধংশন।
লড়াকু পটুয়া:
একাত্তরের মুক্তিযুদ্ধ নানাভাবে সমাজ জীবনে প্রতিফলিত হয়েছে। আবার বিচিত্র পেশা-শ্রেণি দৃষ্টিভঙ্গির মানুষ মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মুক্তিযুদ্ধকে সমৃদ্ধ করেছে। ভাষা আন্দোলন, মুক্তবুদ্ধি চর্চা, গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে শিল্পকলা চর্চার একটি। সমান্তরাল সম্পর্ক রয়েছে। বিশেষ করে শিল্পকলা একাত্তরের মুক্তিযুদ্ধকে শানিত ও তেজোদীপ্ত করেছে। এক্ষেত্রে তিনি হলেন শিল্পী কামরুল হাসান, তিনি পটুয়া হিসেবে অধিক পরিচয় অর্জন করেছেন।
হাসনাত আবদুল হাই কামরুল হাসানের জীবনের ডকুমেন্টারি ভিত্তি করে লড়াকু পটুয়ার কাহিনি বিন্যাস করেন। লড়াকু পটুয়া জীবনীভিত্তিক উপন্যাস। শিল্পী কামরুল হাসানের ব্যক্তিগত,পারিবারিক ও পেশাগত জীবনকে অতিক্রম করে একটি জাতির লড়াই, সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। উপন্যাসের সূচনা হয়েছে ‘৮৮ সনে জাতীয় কবিতা পরিষদের অনুষ্ঠানকে কেন্দ্র করে। তারও একটি রাজনৈতিক পটভূমি ছিল। জাতীয় কবিতা পরিষদ প্রতি বৎসর ১ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবিতা উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানটি নিছক কবিতা উৎসব ও পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দেশের প্রগতিশীল কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীর অংশগ্রহণে জাতীয় কবিতা পরিষদের আয়োজন স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে। স্বভাবত জাতীয় কবিতা পরিষদের কবিতা উৎসব স্বৈরাচারএরশাদের জন্য গাত্রদাহের কারণ হয়। কবি ও বুদ্ধিজীবীদের আনুগত্য আদায়ের জন্য প্রেসিডেন্ট এরশাদ নানাধরণের তৎপরতা গুরু করেন। লেখকের ভাষায়- ” কিন্তু এবারের উৎসবে একটা জটিলতার যোগ হয়েছে যার জন্য তিনি কিছুটা অস্থির। রাষ্ট্রপতি এরশাদ কিছু কবিকে সঙ্গে নিয়ে ঢাকা আন্তর্জাতিক কবিতা সম্মেলনের আয়োজন করেছেন। ঠিক এই মুহুর্তে ওসমানী মিলনায়তনে সেই কবিতা অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে। ফয়েজ আহমেদ তাঁর প্রতিনিধি পাঠিয়েছেন সেখানে কোন কবি সম্মেলনে যোগ দিয়েছে তা দেখতে। প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে পাশাপাশি দুই কবিতা অনুষ্ঠানকে কেন্দ্র করে। একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক কবিতা সম্মেলন। অন্যটি বেসরকারি উদ্যোগে গঠিত কবিতা পরিষদের উৎসব।”(পৃষ্ঠা ৯,লড়াকু পটুয়া : হাসনাত আবদুল হাই, ফেব্রুয়ারি ২০১২, আগামী প্রকাশনী, ঢাকা)
পাঠক লেখকের বিবরণে জানতে পারে, জাতীয় কবিতা পরিষদের উদ্যোক্তাদের মধ্যে কবি ফয়েজ আহমেদ ও শিল্পী কামরুল হাসান অন্যতম। উৎসবের সভাপতির দায়িত্বও পালন করছিলেন শিল্পী কামরুল হাসান। উৎসবে উপস্থিত ছিলেন কবি শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মোহন রায়হান প্রমুখ । অনেকেই কবিতা পড়েছেন। একটি পর্যায়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাও তাঁর পুত্র জয়কে নিয়ে উৎসবে যোগদান করেন। হঠাৎ করে শিল্পী কামরুল হাসান অসুস্থ হয়ে পড়েন। বন্ধু কবি ফয়েজ আহমেদ মোহন রায়হানকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এটি ছিল তার অন্তিম যাত্রা। লেখক এ রকম একটি মুহূর্ত চিহ্নিত করেন। যেখানে কামরুল হাসানের মৃত্যু কিংবদন্তির মর্যাদা অর্জন করে। বস্তুত আজীবন মুক্তবুদ্ধির পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ থেকে প্রত্যেকটি গণ আন্দোলন, মানুষের অধিকার আদায়ের আন্দোলন ও প্রগতিশীল আন্দোলনে শিল্পী কামরুল হাসান পথিকৃতের ভূমিকা পালন করেন। উপরন্ত এরশাদ বিরোধী কবিতা পরিষদের উৎসবে তিনি কেবল উপস্থিত ছিলেন তা নয়, উৎসবের মঞ্চে বসে এঁকেছিলেন তার শেষ ছবি ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’।
লেখক এমন একজন শিল্পীর ছবি এঁকেছেন, যিনি তাঁর ব্যক্তিজীবনে ছিলেন অনেকের থেকে ব্যতিক্রম। তাঁর পারিবারিক জীবন, শিক্ষাজীবন আখ্যানে মূর্ত হয়েছে। আবার ‘৪৭-এর দেশভাগের পর কোন প্রেক্ষাপটে তিনি বাংলাদেশে চলে এসেছিলেন সেই ইতিবৃত্ত আমরা পাই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের পাশাপাশি ঢাকায় আর্ট কলেজ স্থাপন : ফার্স্ট অ্যানুয়াল আর্ট এক্সিবিশন আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে ঢাকা আর্ট গ্রুপ প্রতিষ্ঠা করে শিল্পীদের পাশাপাশি কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের সমন্বয় ঘটিয়ে তিনি একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। যে কারণে তাদের পক্ষে সম্ভব হয়েছিল ভাষা-আন্দোলন ও গণ অভ্যুত্থানে সুষ্পষ্ট ভূমিকা রাখা। লেখক বিষয়গুলো চিহ্নিত করেন এভাবে –
“ ক. কামরুল হাসান বললেন, আমরা পোস্টার লেখাকেও শিল্প বানিয়ে ফেলেছিলাম। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময়। তার আগে দেয়ালে পোস্টার লাগাত কমিউনিস্ট পার্টির সদস্য কর্মীরা। পুরনো খবরের কাগজে কালো কালিতে লেখা হতো বিভিন্ন শ্লোগান। ভাষা আন্দোলনের সময় আমি, মুর্তজা বশীর এবং অন্যান্য শিল্পীরা বেশ যত্ন করে পোস্টার লেখা শুরু করলাম। “(পৃষ্ঠা ৭২, পূর্বোক্ত)
” খ. এইসব আন্দোলনের সঙ্গেই শিল্পী সাহিত্যিকরা জড়িত ছিল, তারা নিজ নিজ সাধ্যমতো অবদান রেখেছে। আমাদের দেশের কোনো আন্দোলনই কেবল রাজনীতিবিদদের একার ছিল না। এই ধরো ১৯৫৪ -এর কথা। প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টকে সমর্থন জানিয়ে শিল্পীরা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হাজার হাজার দেয়ালচিত্র, ব্যানার এবং ছবি এঁকেছিল।”(পৃষ্ঠা ৭৩, পূর্বোক্ত)
“গ. কামরুল হাসান বললেন, অন্যরকম এই অর্থে যে ক্ষমতায় ব্রিটিশরা নেই, পশ্চিম পাকিস্তানিরা আছে। তারা পূর্ব পাকিস্তানের ন্যায্য দাবি মানছে না বলেই তো ছয় দফার প্রস্তাব এসেছে।”(পৃষ্ঠা ১০৯, পূর্বোক্ত)
লেখক এমন একজন শিল্পীর জীবনকে উম্মোচন করেছেন যিনি প্রগতিশীল আন্দোলনের পাশাপাশি শিল্পচর্চায়ও নিজস্বতা সৃষ্টি করেন। চলবে…

