সীমান্তের এক জনপদ, যেখান থেকে একদিন খুলে গিয়েছিল ঢাকামুখী বিজয়ের পথ।
ময়মনসিংহের উত্তর সীমান্তে গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয়-ঘেঁষা জনপদ হালুয়াঘাট। এখন যা বাংলাদেশের এক সীমান্ত উপজেলা। কিন্তু ১৯৭১ সালে হালুয়াঘাটের পরিচয় ছিল আরও বিস্তৃত—হালুয়াঘাট ছিল মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ সীমান্ত-করিডোর, প্রতিরোধের ভূখণ্ড এবং মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ প্রবেশপথ।
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রকাশিত মুক্তিযুদ্ধে হালুয়াঘাট গ্রন্থে উল্লেখ করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ডিরেক্টরেটের মানচিত্রে হালুয়াঘাটকে ‘The Gate of Dhaka’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। হালুয়াঘাটের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সীমান্ত দিয়ে শরণার্থী গমন, ১১ নম্বর সেক্টরের যুদ্ধ এবং ময়মনসিংহ অভিমুখী সামরিক অভিযানের বিভিন্ন যোগসূত্র তুলে ধরা হয়েছে।
‘দ্য গেইট অব ঢাকা’—শব্দবন্ধ যেমন একটি ভৌগলীয় নাম, তেমনি যেন ১৯৭১-এর যুদ্ধের শেষ পর্যায়ের সামরিক গতিপথ বুঝতে একটি তাৎপর্যপূর্ণ সূত্র।
এই সীমান্ত যুদ্ধের অংশ হয়ে উঠেছিল
১৯৭১ সালে হালুয়াঘাটের ভৌগোলিক অবস্থানের কারণে বিশেষ গুরুত্ব পেয়েছিল। ভারতের মেঘালয়ের ডালু অঞ্চলের সঙ্গে এই সীমান্তের সরাসরি যোগাযোগ ছিল। পাকিস্তানি বাহিনীর দমন-পীড়ন শুরু হওয়ার পর বৃহত্তর ময়মনসিংহের মানুষ, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক কর্মীদের একটি অংশ হালুয়াঘাট–ফুলপুর হয়ে ভারতের ডালুতে আশ্রয় নেয়।
‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’-এ সাক্ষাৎকারভিত্তিক বর্ণনায় তৎকালীন ইপিআর সদস্যরা ফুলপুর–হালুয়াঘাট হয়ে ভারতের ডালুতে আশ্রয় নেওয়ার কথা বলেছেন। ডালু ও আশপাশে মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতাদের জন্য ভারতীয় কর্তৃপক্ষের ক্যাম্প স্থাপনের কথাও রয়েছে। অর্থাৎ হালুয়াঘাট তখন শুধু একটি সীমান্তরেখা নয়—ছিল যুদ্ধের ভেতরে প্রবেশ ও যুদ্ধ থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পথ।
মুক্তিযুদ্ধের শুরুতে যে পথ ধরে মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, যুদ্ধের শেষদিকে সেই ভূগোলই আবার বাংলাদেশের দিকে ফিরে আসা মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ পথে পরিণত হয়।
প্রতিরোধের প্রথম সারিতে
হালুয়াঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস শুরু হয়েছিল স্বাধীনতার চূড়ান্ত যুদ্ধের অনেক আগেই। মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বে এ অঞ্চলে প্রতিরোধ গড়ে ওঠে। স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বিভিন্নভাবে এতে যুক্ত হন।
ময়মনসিংহ বিভাগের সরকারি মুক্তিযুদ্ধবিষয়ক বর্ণনায় দেখা যায়, ময়মনসিংহ থেকে হালুয়াঘাট হয়ে কড়ইতলী সীমান্ত ফাঁড়ির দিকে মুক্তিযোদ্ধা, বিডিআর ও ছাত্র-জনতার সমাবেশ ঘটেছিল। সীমান্তবর্তী বিভিন্ন ফাঁড়ি ও পাকিস্তানি বাহিনীর অবস্থানে আক্রমণও পরিচালিত হয়।
এ অঞ্চলের তেলিখালী ও বান্দরকাটাসহ বিভিন্ন স্থানে যুদ্ধ সংঘটিত হয়। তেলিখালী ছিল সীমান্তবর্তী পাকিস্তানি বাহিনীর একটি শক্ত অবস্থান। প্রথম আলোর মুক্তিযুদ্ধবিষয়ক সংরক্ষণশালার তথ্যে তেলিখালী যুদ্ধের বর্ণনায়, ১১ নম্বর সেক্টরের ডালু সাব-সেক্টরের অপারেশনাল এলাকার মধ্যে হালুয়াঘাট ও ময়মনসিংহ সড়ক পথ ছিল এবং ১৯৭১ সালের দ্বিতীয়ার্ধে এ অঞ্চলে একাধিক যুদ্ধ সংঘটিত হয়। ফলে হালুয়াঘাটের সীমান্ত যাতায়াতের পথের পাশাপাশি হয়ে উঠেছিল সক্রিয় যুদ্ধক্ষেত্র।
কেন ‘The Gate of Dhaka’?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ১৯৭১ সালের ডিসেম্বরের সামরিক পরিস্থিতির দিকে তাকাতে হয়।
যুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে। ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনী বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা ভেঙে এগিয়ে যাচ্ছিল। উত্তর ময়মনসিংহের ক্ষেত্রে হালুয়াঘাট ছিল এমন একটি প্রবেশপথ, যেখান থেকে দক্ষিণমুখী অগ্রযাত্রা ময়মনসিংহের দিকে বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি করে।
হালুয়াঘাটের পর ফুলপুর, তারাকান্দা হয়ে ময়মনসিংহের দিকে অগ্রসর হওয়ার পথপরিক্রমা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের শেষ পর্যায়ে এ অঞ্চলে ধারাবাহিক সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনী পশ্চাদপসরণ করতে থাকে।
ময়মনসিংহ মুক্ত দিবসের সরকারি ও সংবাদভিত্তিক বর্ণনায় হালুয়াঘাটকে ময়মনসিংহ মুক্তির ‘প্রথম দ্বার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হালুয়াঘাট মুক্ত হওয়ার মধ্য দিয়ে ময়মনসিংহ মুক্তির প্রথম দ্বার খুলে যায়; এরপর ফুলপুর ও তারাকান্দাসহ অন্যান্য অঞ্চলে যুদ্ধ এগোয়।
অন্যদিকে সমকালীন স্মৃতিচারণ ও সংবাদ প্রতিবেদনে দেখা যায়, হালুয়াঘাট–ফুলপুর–তারাকান্দা–শম্ভুগঞ্জ অতিক্রম করে যৌথবাহিনী ময়মনসিংহের দিকে এগিয়ে যায় এবং পাকিস্তানি বাহিনী শেষ পর্যন্ত ঢাকার দিকে পশ্চাদপসরণ করে।
সুতরাং ‘The Gate of Dhaka’ বলতে সরাসরি ঢাকার ভৌগোলিক প্রবেশদ্বার বোঝানো নয়, বরং উত্তর সীমান্ত থেকে ময়মনসিংহ হয়ে ঢাকার দিকে অগ্রসর হওয়ার একটি কৌশলগত প্রবেশপথ—এই অর্থে নামটির তাৎপর্য বোঝা যায়।
৭ ডিসেম্বরঃ পতাকা উঠে হালুয়াঘাটে
হালুয়াঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাসে ৭ ডিসেম্বর স্মরণীয় দিন।
স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ৫ ও ৬ ডিসেম্বর সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর তীব্র যুদ্ধ হয়। পাকিস্তানি বাহিনী পিছু হটার পর ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে হালুয়াঘাট মুক্ত ঘোষণা করা হয়।
সেদিন হাজারো মানুষের উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় সংবাদসূত্রে বলা হয়, তৎকালীন আঞ্চলিক সংগঠক কুদরত উল্লাহ মণ্ডল হালুয়াঘাট ভূমি অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অঞ্চলটিকে শত্রুমুক্ত ঘোষণা করেন।
হালুয়াঘাট মুক্ত হওয়ার মধ্য দিয়ে শুধু একটি উপজেলা শত্রুমুক্ত হয়নি; উত্তর ময়মনসিংহে যৌথবাহিনীর অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ পথও উন্মুক্ত হয়ে যায়।
হালুয়াঘাট থেকে ময়মনসিংহ
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ময়মনসিংহের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে হালুয়াঘাটের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। ৭ ডিসেম্বর হালুয়াঘাট মুক্ত হওয়ার পর যুদ্ধের গতি দ্রুত দক্ষিণের দিকে অগ্রসর হয়।
এরপর ফুলপুর, তারাকান্দা ও শম্ভুগঞ্জ হয়ে যৌথবাহিনী ময়মনসিংহের দিকে এগিয়ে আসে। ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থার বর্ণনায়, ময়মনসিংহ মুক্ত হওয়ার আগে হালুয়াঘাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক যুদ্ধ সংঘটিত হয়। পরে পাকিস্তানি বাহিনী ময়মনসিংহ ছেড়ে ঢাকার দিকে সরে যায়। এই ধারাবাহিকতা দেখলে বোঝা যায়—হালুয়াঘাট মুক্ত হওয়ার মানে ছিল একটি বৃহত্তর সামরিক অগ্রযাত্রার অংশ।
সীমান্তের পথ, মানুষের পথ
হালুয়াঘাটের ইতিহাসের সবচেয়ে মানবিক অধ্যায়টি হয়তো শরণার্থী ও সাধারণ মানুষের সীমান্ত অতিক্রমের ইতিহাস।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর দমন-পীড়নের মুখে অসংখ্য মানুষ ভারতে আশ্রয় নেয়। হালুয়াঘাটের সীমান্ত হয়ে ডালু অঞ্চলে যাওয়ার পথ ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ।
একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের জন্যও সীমান্ত ছিল প্রশিক্ষণ ও পুনর্গঠনের পথ। ভারতের ডালু ও আশপাশের অঞ্চলে প্রশিক্ষণ গ্রহণ করে বহু তরুণ আবার বাংলাদেশের ভেতরে ফিরে এসে যুদ্ধে অংশ নেন। অর্থাৎ একই সীমান্ত কখনো ছিল পলায়নের পথ, কখনো প্রশিক্ষণের পথ, আবার কখনো বিজয়ী প্রত্যাবর্তনের পথ।
এই বহুমাত্রিক ইতিহাসই হালুয়াঘাটকে মুক্তিযুদ্ধের মানচিত্রে অনন্য করে তুলেছে।
কুদরত উল্লাহ মণ্ডলঃ সীমান্তের জননেতা
হালুয়াঘাটের এই ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে কুদরত উল্লাহ মণ্ডলের নাম। তিনি ছিলেন এ অঞ্চলের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
মুক্তিযুদ্ধের সময় সীমান্তবর্তী মানুষের সংগঠন, রাজনৈতিক যোগাযোগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনসম্পৃক্ততা তৈরিতে তাঁর ভূমিকার কথা স্থানীয় ইতিহাস ও স্মৃতিচারণে পাওয়া যায়। হালুয়াঘাট মুক্ত হওয়ার দিন তাঁর হাতে জাতীয় পতাকা উত্তোলনের তথ্য স্থানীয় সংবাদ প্রতিবেদনে রয়েছে।
হালুয়াঘাটের ‘সীমান্তবন্ধু’ কুদরত উল্লাহ মণ্ডলের রাজনৈতিক জীবনের তাৎপর্য তাই তাঁর নির্বাচনী পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি এমন এক ভূখণ্ডের নেতা ছিলেন, যেখানে সীমান্ত, মুক্তিযুদ্ধ, শরণার্থী, প্রতিরোধ এবং বিজয়ের পথ—সবকিছু একই ইতিহাসের অংশ হয়ে উঠেছিল।
ইতিহাসের মানচিত্রে এক দরজা
একটি যুদ্ধকে বোঝার জন্য শুধু যুদ্ধক্ষেত্রের তালিকা যথেষ্ট নয়। বুঝতে হয় ওই ভূগোল।
১৯৭১ সালে হালুয়াঘাটের ভৌগলিক অবস্থান ছিল এমন—উত্তরে ভারত, সামনে সীমান্ত, দক্ষিণে ময়মনসিংহ আর তারও পরে রাজধানী ঢাকা। এই অবস্থানই যুদ্ধের সময় হালুয়াঘাট গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ডিরেক্টরেটের মানচিত্রে ‘The Gate of Dhaka’ হিসেবে হালুয়াঘাটের উল্লেখের দাবি সেই ভূকৌশলগত গুরুত্বের গুরুত্বপূর্ণ স্মারক।
তবে এই নামটিকে অবশ্যই বুঝতে হবে সামরিক অগ্রযাত্রার প্রেক্ষাপটে। হালুয়াঘাট ঢাকা শহরের সরাসরি প্রবেশদ্বার ছিল না; বরং উত্তর সীমান্ত থেকে ময়মনসিংহ হয়ে ঢাকার দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত করিডরের অংশ ছিল। তাই ‘হালুয়াঘাট’ নামের ভেতরে রয়েছে একাত্তরের যুদ্ধ পরিক্রমার এক ভূগোল।
শেষাংশ
আজ সীমান্তের হালুয়াঘাটে দাঁড়িয়ে হয়তো বোঝার উপায় নেই—একদিন এই পথ দিয়েই কত মানুষ অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিল, কত তরুণ অস্ত্র হাতে ফিরে এসেছিল, কত যুদ্ধ সংঘটিত হয়েছিল, কত পরিবার বিচ্ছিন্ন হয়েছিল। ইতিহাসের কাছে হালুয়াঘাট কেবলই এক সীমান্ত উপজেলা নয়। এটি ছিল শরণার্থীর পথ। ছিল মুক্তিযোদ্ধার পথ। ছিল প্রতিরোধের পথ এবং যুদ্ধের শেষ প্রান্তে—হালুয়াঘাট হয়ে উঠেছিল বিজয়ের পথ।
‘The Gate of Dhaka’—হালুয়াঘাটের এই পরিচয়ের থেকেও বেশি কিছু। ১৯৭১-এর এক অনন্য স্মারক অধ্যায়; যে অঞ্চলের একটি সীমান্তদ্বার খুলে দিয়েছিল স্বাধীন বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার পথ।
হালুয়াঘাট মুক্ত হয়েছিল ৭ ডিসেম্বর। তিন দিন পর, ১০ ডিসেম্বর, মুক্ত হয়েছিল ময়মনসিংহ। আর তার ছয় দিন পর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছিল বিজয়ের ইতিহাস।
সে অর্থে হালুয়াঘাটের সীমান্তে যে দরজা একাত্তরে খুলেছিল, তার একপাশে অপেক্ষা করছিল একটি স্বাধীন দেশ।

