‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ২২ অক্টোবরের জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ময়মনসিংহে মাসব্যাপী সড়ক সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর কাঁচিঝুলি মোড়ে আয়োজিত কর্মসূচির মাধ্যমে এ প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ক্যাম্পেইনের প্রথম দিনে কাঁচিঝুলি মোড় এলাকায় পরিবহন চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালনার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পথচারীদের নিরাপদে সড়ক পারাপারে সরাসরি সহযোগিতা করেন সংগঠনের কর্মীরা। চালক ও পথচারীদের মধ্যে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা, ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে অক্টোবর মাসজুড়ে নগরীর বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে নিসচা ময়মনসিংহ শাখা।
কর্মসূচির শুরুতে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নিসচা ময়মনসিংহ শাখার সভাপতি আবদুল কাদের চৌধুরী মুন্না। সংগঠনের সাধারণ সম্পাদক এ এফ এম এনামুল হক মামুনের স্বাগত বক্তব্যে উপস্থিত বক্তব্য দেন অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্য রাখেন নিসচা ময়মনসিংহের উপদেষ্টা ও ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান এবং সহসভাপতি লেখক-সাংবাদিক স্বাধীন চৌধুরী। এছাড়া অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে কর্মসূচিতে সরাসরি অংশ নেন মোঃ আবদুল ওয়াদুদ খোকন, আনোয়ার হোসেন চৌধুরী কবীর, শাহ জহির উদ্দিন আহমেদ কাজল, মো. ফখরুল হাসান সায়েম, আহম্মদ মোস্তফা ডালিম ও খাইরুল ইসলাম।
পথসভায় বক্তারা বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করা একক কোনো পক্ষের কাজ নয়। চালক, পথচারী, যাত্রী, পরিবহন মালিক এবং আইন প্রয়োগকারী সংস্থা—সবার যৌথ দায়িত্বশীলতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।” নির্ধারিত গতিসীমা মেনে চলা, বৈধ লাইসেন্সধারী চালক নিশ্চিত করা এবং পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
পারিবারিক শোক থেকে সামাজিক আন্দোলন ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করেন। সেই শোককে শক্তিতে পরিণত করে নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলেন ইলিয়াস কাঞ্চন। পরবর্তীতে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।
সংগঠনটির দীর্ঘ আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতিবছরই এ দিনটিকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
আয়োজকরা জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের আচরণগত পরিবর্তন আনা জরুরি। কাঁচিঝুলি মোড় থেকে শুরু হওয়া নিসচার এই মাসব্যাপী উদ্যোগ ময়মনসিংহের সড়কগুলোতে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

