নগর প্রতিনিধি
‘No Forests, No Rivers, No Water, No Life’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস ২০২৬ উপলক্ষে ময়মনসিংহে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মপুত্র, সুতিয়া ও খিরুসহ দেশের সব নদ-নদী দখল ও দূষণমুক্ত করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় নগরীর শাপলা স্কয়ারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস, ময়মনসিংহ বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। 
গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারিকা মোস্তফা পুন্যের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন গ্রীন ভয়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইফরান ইউসুফ শিহাব।
সমাবেশে গ্রীন ভয়েস আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আল আমীন বলেন, নদী একটি দেশের ধমনীর মতো। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। নদী রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বৈজ্ঞানিক ও সচেতনতামূলক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
কবি ও সংগঠক আলী ইউসুফ বলেন, নদী রক্ষা কোনো একক সংগঠনের দায়িত্ব নয়; এটি নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্ব। নদীগুলোকে নীরবে মৃত্যুর দিকে ঠেলে না দিয়ে দল-মত নির্বিশেষে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মো. আলমগীর হোসেন বলেন, নদী রাষ্ট্রীয় সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। নদী দখল ও দূষণ বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ এবং নিয়মিত নজরদারি প্রয়োজন।
বাপা ভালুকা শাখার সদস্যসচিব ও ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল বলেন, ভালুকার নদী-খালগুলো শিল্পবর্জ্য ও অবৈধ দখলের কারণে বিপন্ন। শিল্পকারখানায় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) কার্যকর করা এবং নদী-খাল দখলমুক্ত করার দাবি জানান তিনি।
বাপা ভালুকা শাখার সদস্য ও এটিএন নিউজের ব্যুরো চিফ আসাদুজ্জামান সুমন নদী রক্ষায় গণমাধ্যম, প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
গ্রীন ভয়েস আনন্দ মোহন কলেজ শাখার আহ্বায়ক স্বর্ণা চাকলাদার বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নদী রক্ষা সম্ভব নয়; পাশাপাশি নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণও প্রয়োজন। ব্রহ্মপুত্রসহ দেশের সব নদী রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
গ্রীন ভয়েস বাকৃবি শাখার ছাত্র উপদেষ্টা বকুল আলী ও সাধারণ সম্পাদক তাসকিয়া মালা নদীতে পলিথিন ও বর্জ্য ফেলা বন্ধ এবং নদী ও জলজ পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
গ্রীন ভয়েস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শিহাব হাসান অনিক নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় দখল-দূষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
গ্রীন ভয়েস নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মাজহারুল ইসলাম রিফাত কংস ও সোমেশ্বরীসহ জেলার নদীগুলো রক্ষায় তরুণদের আন্দোলন জোরদারের আহ্বান জানান। গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নূর নবী তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রসহ আন্তঃসীমান্ত নদীগুলোর স্বাভাবিক প্রবাহ এবং বাংলাদেশের ন্যায্য পানি অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে গ্রীন ভয়েসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ ও কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পরিবেশ ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে পারিকা মোস্তফা পুন্য বলেন, নদী রক্ষায় শুধু দিবসভিত্তিক কর্মসূচি যথেষ্ট নয়। নিয়মিত নজরদারি, আইনের কার্যকর প্রয়োগ, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং জনগণের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ব্রহ্মপুত্র, সুতিয়া ও খিরুসহ দেশের সব নদ-নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।
সমাবেশ থেকে নদী রক্ষায় ১০ দফা দাবি উত্থাপন করা হয়—
১. নদী দখলমুক্ত করা: নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ এবং পুনর্দখল রোধ করা।
২. দূষণ বন্ধ করা: শিল্প, হাসপাতাল, বাজার ও পয়ঃবর্জ্য নদীতে ফেলা বন্ধ এবং শিল্পকারখানায় ইটিপি কার্যকর করা।
৩. স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা: নদীর প্রতিবন্ধকতা দূর করে নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা।
৪. খাল-বিল ও জলাশয় পুনরুদ্ধার: নদীর সঙ্গে সংযুক্ত খাল, বিল, জলাশয় ও প্লাবনভূমির স্বাভাবিক সংযোগ ফিরিয়ে আনা।
৫. নদীতীর সুরক্ষা: নদীতীরে অবৈধ ও অপরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প স্থাপনা বন্ধ করা।
৬. নদীবান্ধব উন্নয়ন নিশ্চিত করা: নদী ও জলাভূমির পরিবেশগত ভূমিকা বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা।
৭. জীববৈচিত্র্য সংরক্ষণ: নদী, চর, বিল, হাওর ও জলাভূমির বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষা করা।
৮. পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা: আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের ন্যায্য পানি অধিকার নিশ্চিত করতে কার্যকর পানি কূটনীতি জোরদার করা।
৯. নদী রক্ষা কমিশনকে কার্যকর করা: জাতীয় নদী রক্ষা কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, মনিটরিং ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করা।
১০. জবাবদিহি ও আইন প্রয়োগ নিশ্চিত করা: নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া এবং নদী রক্ষা কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা।
সমাবেশে অংশগ্রহণকারীরা নদী, প্রকৃতি, পরিবেশ ও জীবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।

