সাবেক ও বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের কোনো চাকরি, সামাজিক অবস্থান কিংবা গ্রহণযোগ্যতা থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামীম।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তানভীর বারী হামীম লিখেন, “সাবেক ও বর্তমান ছাত্রলীগের (নিষিদ্ধ) কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো সামাজিকতা হবে না। কারণ, ওরা এ দেশের শত্রু।”
ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি লেখেন, “ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।” তবে পোস্টে শহীদ আনাস বলতে তিনি সুনির্দিষ্ট কাকে বুঝিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
তিনি আরও বলেন, যেসব ব্যক্তি বিকৃত মানসিকতার, কেবল তারাই নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান ও সাবেক সদস্যদের প্রতি সহানুভূতিকশীল হতে পারে। তবে একইসঙ্গে কোনো দেশপ্রেমিক ও মেধাবী সাধারণ শিক্ষার্থী যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও তিনি সতর্ক করেন।
পোস্টে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রশক্তি ও ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং সাবেক ছাত্রলীগ নেতাদের রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ তোলেন।
তানভীর বারী হামীম লেখেন, “সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো— দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।”
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “অতীতে, ৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন। এবার কিন্তু আর মাফ হবে না।”

