হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীকে পাঠানো আর্থিক সহায়তা গ্রহণ করেননি তিনি নিজে। চিত্রনায়ক জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা শনিবার (২৬ সেপ্টেম্বর) তাঁর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা ফিরিয়ে দেন রিফাত।
গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ শিল্পী। পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। প্রথমে হাসপাতালে শয্যা না পেয়ে কয়েক দিন মেঝেতেই কাটাতে হয় তাঁকে; পরবর্তীতে ২১ সেপ্টেম্বর রাতে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। রিফাত চৌধুরীর চিকিৎসার খবর পেয়ে এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিত্রনায়ক জায়েদ খান। তবে সহায়তার অর্থ প্রবীণ এই শিল্পীর হাতে পৌঁছানোর আগেই বিষয়টি সংবাদমাধ্যমে প্রচার পায়। টাকার তথ্য আগেই প্রকাশ্যে আসায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন রিফাত চৌধুরী।
এর আগে এক সাক্ষাৎকারে রিফাত জানিয়েছিলেন, তিনি জায়েদ খানের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাননি। পরবর্তীতে জানা যায়, টাকা আসলেও তা রিফাতের কাছে পৌঁছায়নি। শনিবার চূড়ান্তভাবে সেই অর্থ হস্তান্তরের চেষ্টা করা হলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান।
আশির দশক থেকে বাংলাদেশের সাহিত্য ও বিনোদন জগতের পরিচিত মুখ রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয়। দীর্ঘ চার দশকের সাহিত্যজীবনে তাঁর অন্তত ২৯টি বই বের হয়েছে।
অভিনয়েও তিনি কুড়িয়েছেন তুমুল জনপ্রিয়তা। ধারাবাহিক নাটক ‘সিক্সটি নাইন’-এর ‘জাতীয় কাকা’ চরিত্রে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দর্শক হৃদয়ে জায়গা করে নেয়। এছাড়া ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
বর্তমানে ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন রয়েছেন রিফাত চৌধুরী। শারীরিক অবস্থা পুনরুদ্ধার করতে পারলে আগামীতে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনায় মনোযোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই বর্ষীয়ান শিল্পী।

