রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন নিউগিনি হাউজিং প্রজেক্টে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই অতর্কিত হামলা চালানো হয়। এতে স্টুডিওর অবকাঠামো ও কাজের সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মরত কর্মীরাও মারধরের শিকার হয়েছেন।
ঘটনার বিষয়ে সালমান মুক্তাদির জানান, হামলাটি কেবল তাঁর একক স্টুডিওকে কেন্দ্র করে নয়, বরং পুরো আবাসন প্রকল্প জুড়েই চালানো হয়েছে। তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম ব্যক্তিগত শত্রুতা থেকে হয়তো এটি করা হয়েছে। তবে পুরো প্রজেক্টের পরিস্থিতি দেখে নিশ্চিত হয়েছি, এর নেপথ্যে আবাসন প্রকল্প সম্পর্কিত কোনো কোন্দল বা কারণ রয়েছে।”
কর্মীদের ওপর হামলা ও স্টুডিও তছনছ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেও ক্রিয়েটিভ কাজ থামিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সালমান। তিনি যোগ করেন, “আমাকে এভাবে থামানো যাবে না। হয়তো আগের মতো গুছিয়ে কাজ করতে সাময়িক অসুবিধা হবে, তবে আমার প্যাশন এবং ক্লায়েন্টদের প্রজেক্টের কাজ অব্যাহত থাকবে। দেশ থেকে সম্ভব না হলে দেশের বাইরে থেকে হলেও কন্টেন্ট বানিয়ে যাব।”
ঘটনার পর পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান এবং হামলার সুনির্দিষ্ট কারণ নিয়ে বিস্তারিত তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকাটি।

