ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আর্টস
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. ময়মনসিংহ
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

হাওর রক্ষায় জরুরি নদীখনন ও সমন্বিত ব্যবস্থাপনা –রাসেল আহমদ

রাসেল আহমদ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!



প্রতি বছর একই দৃশ্য- হাওরের সোনালি ধান পানিতে তলিয়ে যায়। কখনো অকাল বন্যা, কখনো দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা; আর অসহায় কৃষকের নিঃশব্দ অপেক্ষা। প্রশ্ন জাগে- এ কি কেবল প্রকৃতির খামখেয়াল নাকি আমাদের নীতি ও ব্যবস্থাপনার দীর্ঘ ব্যর্থতার ফল?

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সিলেটসহ হাওরাঞ্চল প্রকৃতি, কৃষি ও মৎস্যসম্পদের এক অনন্য ভাণ্ডার। কিন্তু আজ এই অঞ্চল অকাল বন্যা, নদ-নদীর নাব্যতা হ্রাস, অপরিকল্পিত বাঁধ এবং প্রাকৃতিক নিষ্কাশনব্যবস্থার অবনতিতে গভীর সংকটে।

গেল বছর ফসলের মৌসুমে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হাওরে আবারও ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ১৫ হাজার হেক্টর বোরো জমি পানিতে তলিয়ে যায়। যে ফসল ঘরে ওঠার কথা ছিল, তা নষ্ট হয়ে গবাদিপশুর খাদ্য হিসেবেও অনুপযোগী হয়ে পরে।

এটি হঠাৎ কোনও পরিস্থিতি বা নিছক প্রাকৃতিক দুর্যোগ নয়; এটি দীর্ঘদিনের নীতি-ব্যর্থতা ও দুর্বল পানি ব্যবস্থাপনার ফল। ২০১৭ সালের ভয়াবহ বন্যার পর হাওর রক্ষায় বাঁধ নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা ছিল অপরিকল্পিত। ফলে প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, হাওরের তলদেশে পলি জমে জলধারণ ক্ষমতা কমে গেছে এবং খাল-বিল ও জলপথ ক্রমশ অকার্যকর হয়ে পড়েছে।

অন্যদিকে নদ-নদীর নাব্যতা হ্রাস ও শাখানদীর প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হচ্ছে না। এর ফলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে।

এই বাস্তবতায় হাওর অঞ্চলে নদীখনন এখন আর বিকল্প নয়- এটি অপরিহার্য। তবে নদীখননকে বিচ্ছিন্ন প্রকল্প হিসেবে দেখলে চলবে না; এটি হতে হবে একটি সমন্বিত জল, কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনার অংশ।

এর জন্য প্রয়োজন একটি বিজ্ঞানভিত্তিক মাস্টারপ্ল্যান, যেখানে হাইড্রোলজি, কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতি একীভূতভাবে বিবেচিত হবে।

খননের লক্ষ্য হতে হবে স্পষ্ট- অকাল বন্যা নিয়ন্ত্রণ, ফসল সুরক্ষা, মৎস্যসম্পদের প্রাকৃতিক পুনরুৎপাদন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।

কারিগরি দিকেও কঠোর নজরদারি জরুরি। নদীর গভীরতা, প্রবাহের দিক, ধারণক্ষমতা এবং খননকৃত মাটির সঠিক ব্যবস্থাপনা ছাড়া কোনো উদ্যোগই টেকসই হবে না। পরিকল্পিতভাবে এসব মাটি ব্যবহার করে উঁচু ভূমি সৃষ্টি, জলবায়ু সহনশীল বসতি, অবকাঠামো ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নিকটবর্তী আন্তঃসীমান্ত নদী যাদুকাটা, শাখানদী রক্তি ও বৌলাই একসময় সমৃদ্ধ মৎস্য ইকোসিস্টেমের অংশ ছিল। বর্তমানে এসব প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রজনন ও মাছের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই নদীপথ পুনরুদ্ধার এখন জরুরি।

তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমন্বয় ও শাসনব্যবস্থা। কোথায় খনন হবে, কোথায় সংরক্ষণ থাকবে, কীভাবে ইজারা ও বালু উত্তোলন নিয়ন্ত্রণ হবে- এসব বিষয়ে কঠোর ও বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রয়োজন।

আঞ্চলিক নদীসংযোগও সমান গুরুত্বপূর্ণ। সুরমা-কুশিয়ারা নদী ব্যবস্থাকে মেঘনার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা এবং পুরনো নদীপথ পুনরুদ্ধার দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হতে পারে।

সরকার হাওর এলাকায় নদীখননের উদ্যোগ নিয়েছে, যা ইতিবাচক। কিন্তু প্রশ্ন হলো- এই উদ্যোগ কি কেবল খননে সীমাবদ্ধ থাকবে, নাকি একটি পূর্ণাঙ্গ পরিবেশ পুনর্গঠন কর্মসূচিতে রূপ নেবে?

হাওরের সংকট শুধু অবকাঠামোগত নয়; এটি একটি পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক সংকট। তাই সমাধানও হতে হবে বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি।

নদীখনন যদি কৃষি, মৎস্য, পরিবেশ ও অর্থনীতির সমন্বিত কৌশলের অংশ হয়, তবেই হাওর তার হারানো ভারসাম্য ফিরে পাবে।

হাওরের মানুষ প্রতি বছর শুধু দুর্যোগের সঙ্গে নয়, বরং নীতি-সমন্বয়ের অভাবের সঙ্গেও লড়ছে। এখন সময় সিদ্ধান্তের- আমরা কি আবারও ব্যর্থতার পুনরাবৃত্তি করব, নাকি বিজ্ঞানভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে হাওরকে টেকসই ভবিষ্যতের পথে নিয়ে যাব?

কারণ হাওর বাঁচানো মানে শুধু কৃষি নয়- এটি একটি অঞ্চলের অর্থনীতি, পরিবেশ ও জীবনের অস্তিত্ব রক্ষা।

লেখক: রাসেল আহমদ

ফ্রিল্যান্স সাংবাদিক ও কলামিস্ট

খুব শীঘ্রই সম্পূর্ণরুপে আসছে News Registrar! পরীক্ষামূলক যাত্রায় যুক্ত থাকুন...