ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আর্টস
  4. খেলাধুলা
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. মতামত
  8. ময়মনসিংহ
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিকাতেই ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন বিরাট কোহলি

নবী হোসেন লাদেন
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!



২০২৭ সালে আফ্রিকায় বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মেগা ইভেন্ট। সম্প্রতি সম্প্রচারমাধ্যম ‘জিওস্টার’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের এই তারকা ব্যাটার। ক্যারিয়ারের পঞ্চম এবং শেষ বিশ্বকাপে মাঠে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে শিরোপা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়টি স্মরণীয় করে রাখতে চান তিনি।

​২০২৪ সালে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন কেবল ৫০ ওভারের সংস্করণেই খেলছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। সাক্ষাৎকার প্রদানকালে কোহলি বলেন, “এটিই হবে ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। এই টুর্নামেন্টটিই এখন আমার প্রধান অনুপ্রেরণা। দেশের জন্য দ্বিতীয়বার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে মাঠে যা যা করা প্রয়োজন, তার সবটুকুই করতে আমি প্রস্তুত।”

​দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ২০১১ সালে ঘরের মাঠে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পান কোহলি। তবে এরপর ২০১৫, ২০১৯ এবং সর্বশেষ ২০২৩ সালের আসরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। বিশেষ করে ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি ছোঁয়া হয়নি তাদের।

​৫০ ওভারের ক্রিকেটের শারীরিক ও মানসিক চাপের ওপর জোর দিয়ে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, “ওয়ানডে বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে অনেক বেশি। একটা ৫০ ওভারের ম্যাচ খেলা মানে দুটি টি-টোয়েন্টি ম্যাচের চেয়েও বেশি শারীরিক পরিশ্রম করা। এমন টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচ একই মান ধরে রাখা ভীষণ চ্যালেঞ্জিং, বিশেষ করে খেলা যখন হয় বিদেশের মাটিতে।”

​উল্লেখ্য, এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে ৩৭টি ম্যাচ খেলেছেন কোহলি। ৫টি শতক ও ১২টি অর্ধশতকে ৫৯.৮৩ গড়ে করেছেন ১,৭৯৫ রান। আর আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে ৩০২টি ইনিংসে কোহলির ঝুলিতে রয়েছে ১৪,৯৪১ রান, যেখানে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫৪টি।

খুব শীঘ্রই সম্পূর্ণরুপে আসছে News Registrar! পরীক্ষামূলক যাত্রায় যুক্ত থাকুন...