দেশের ক্রীড়াঙ্গনকে সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার তীব্র আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে খেলাধুলায় রাজনীতির প্রবেশের কারণেই ঘরোয়া ও জাতীয় পর্যায়ে খেলার মান ধসে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার ঢাকার ঐতিহাসিক ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সুধী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “ঘরোয়া ফুটবলে যখন রাজনীতি ঢুকে পড়ল, তখনই ঢাকার ক্লাব ফুটবলের প্রতি দর্শকের চিরাচরিত টান এবং প্রতিযোগিতার মান কমতে শুরু করে।”
নিজের খেলোয়াড়ি জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, “মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার কাছে কেবল একটি ক্রীড়া সংগঠন নয়, এটি নিখাঁদ আবেগ ও ভালোবাসার নাম। ১৯৬৭ সালে যখন আমি মোহামেডানের হয়ে মাঠে নামতাম, তখন ফুটবলকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা ছিল, তা এখন আর দেখা যায় না। তখনকার দিনে এই ক্লাবের জার্সি গায়ে জড়ানো অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয় ছিল।”
স্বাধীনতার পূর্ববর্তী ফুটবল ইতিহাসের স্মৃতিচারণ করে স্পিকার আরও বলেন, “সেই সময়ে ভিক্টোরিয়া ও মোহামেডান ছিল জনপ্রিয়তার শীর্ষে। তবে মোহামেডানে বাঙালি ফুটবলারদের প্রাধান্য থাকায় সাধারণ বাঙালির প্রথম পছন্দ ছিল এই ক্লাবটি। পাকিস্তান আমলে ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দলে জায়গা করে নিতে বাঙালি অ্যাথলেটদের চরম প্রতিকূলতা ও প্রতিদ্বন্দিতার মুখোমুখি হতে হতো।”
অনুষ্ঠানে মাদক ও কিশোর অপরাধ দমন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেন বক্তারা। খেলাকে কেবল বিনোদনের মাধ্যম না ভেবে সামাজিক উন্নয়নের হাতিয়ার করার আহ্বান জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে হাফিজ উদ্দিন আহমদের বর্ণাঢ্য ক্রীড়া জীবন ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাফল্যগাথা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথি ও স্পিকারকে সম্মাননা স্মারক, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ. এম রফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, সংসদ সদস্য খাইরুল কবীর খোকন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. হাতেম এবং সভাপতি এস এম আলমগীর আবুল।

